দেশে ফিরছেন তারেক রহমান, জানা গেলো সম্ভাব্য সময়

চলতি বছরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নভেম্বর নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর।

বুধবার (৬ আগস্ট) পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, নির্বাচন নিয়ে তারেক রহমানের ভাবনা জানতে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তার সঙ্গে বৈঠক করেছেন। এতে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গত ১৩ জুন লন্ডনে বৈঠক হয় তারেক রহমানের। সেই বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

তারেক রহমান কবে ফিরবেন দেশে, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে বেশ আগ্রহ। এমতাবস্থায় চলতি বছরের নভেম্বরে তারেক রহমানের দেশে আসার খবর নিশ্চিত করলেন হুমায়ূন কবীর। 

হুমায়ূন কবীর আরও বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মহলের কারও সাক্ষাৎ কিংবা বৈঠকে বাধা ছিল, যা এখন কেটে গেছে। এখন অনেকেই তাদের সাঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলেও জানান তিনি।