সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
সোমবার (২৩ মার্চ) তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. জাহিদ হোসেন জানান, চিকিৎসকদের দেওয়া তথ্যমতে মির্জা আব্বাসের স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারগুলো ইতিবাচক সংকেত দিচ্ছে। আলহামদুলিল্লাহ, তিনি উন্নতির দিকে। তবে ব্রেন সংক্রান্ত জটিলতা হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন, যা একটি বড় ইতিবাচক লক্ষণ। তিনি এখন ধীরে ধীরে কথা বলতে পারছেন এবং নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
হাসপাতালে মির্জা আব্বাসের পাশে সার্বক্ষণিক রয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং পুত্র ইয়াসীর আব্বাস। তারা দেশবাসীর নিকট মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
মিরপুরে ঈদের নামাজ আদায় করলেন জামায়াত আমির
