জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও জুলাইয়ে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান জাবুর। গতকাল বৃহস্পতিবার সংগঠনের প্রধান সমন্বয়ক বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তিনি। এ নিয়ে সিলেটে এনসিপি থেকে নয়জন পদত্যাগ করলেন।
পদত্যাগপত্রে জাবুর লিখেছেন, আমি নিম্নস্বাক্ষরকারী জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার একজন সদস্য ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী। আমি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছি না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পড়ে না। উক্ত কারণে আমি স্বেচ্ছায় দলের সব পদ থেকে অব্যাহতি নিচ্ছি। অদ্য সাংগঠনিকভাবে পদত্যাগ করলাম।
জাবুরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, তিনি মৌখিকভাবে আমাদের বিষয়টি জানিয়েছেন। এখনো এ-সংক্রান্ত তাঁর লিখিত কিছু পাইনি। তাই তিনি পদত্যাগ করেছেন এটা এখনো বলা যাবে না। তবে এ বিষয়ে কথা বলতে তাঁকে নিয়ে আমরা শিগগিরই বসব।
গত ২১ জুলাই গোয়াইনঘাট উপজেলা কমিটি থেকে আরও চার নেতা পদত্যাগ করেন। এরা হলেন— যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ, সদস্য তরিকুল ইসলাম, কিবরিয়া আহমদ ও কামরুল হাসান।কমিটি ঘোষণার পর সম্প্রতি সিলেটে এনসিপি থেকে বারবার নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্রে জানা গেছে কাঙ্ক্ষিত পদ না পাওয়া, না জানিয়ে কমিটিতে রাখাসহ নানা কারণে তারা পদত্যাগ করেছেন।