গণভোটের রায়কে আদালতে নিলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদের

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে, তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জনগণের রায়কে আদালতে নিয়ে গেলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

‘জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ’-এই স্লোগান দিতে বাধ্য না করার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।

সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপির এমপিদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব ও এমপি আখতার হোসেন বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই, গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবে।

আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা যতদিন জীবিত থাকব ততদিন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করব। প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব শরিফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত করতে। না হয় আমরা আপনাদের মতো বলব না- ঈদের পরে আন্দোলন। আমরা আন্দোলনে নামলে হাদি হত্যার বিচার নিয়েই ফিরব।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটে ৭০ শতাংশ ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না- তাহলে আবারও রাজপথে নামব। যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে সরকারকে।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ কুমিল্লা বিভাগীয় মহানগর ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।

AHA
আরও পড়ুন