এক বছরে সাধারণত দুটি ঈদ ও একবার হজ অনুষ্ঠিত হয়। তবে অচিরেই সেই ধারায় ছেদ পড়তে চলেছে। এমন একটি বছর আসছে, যখন একই সৌর বছরে দুটি হজ ও তিনটি ঈদ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ এ তথ্য জানিয়েছেন।
এর কারণ হিজরি চান্দ্র বর্ষ ও ইংরেজি সৌর বর্ষের হিসাবের পার্থক্য। হিজরি বছর চাঁদের কলার ওপর নির্ভর করে। এতে দিন থাকে ৩৫৪ বা ৩৫৫। অন্যদিকে, ইংরেজি বছর সূর্যের হিসাবে চলে। এতে দিন থাকে ৩৬৫ বা ৩৬৬। তাই প্রতি বছর হিজরি তারিখ প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।
২০৩৯ সালের শুরুতেই আসবে প্রথম ঈদুল আজহা। ৬ জানুয়ারি হিজরি ১৪৬০ সালের ১০ জিলহজ পালিত হবে এই ঈদ। এটি হজের শেষ দিন এবং কোরবানির বড় উৎসব। প্রায় ১২ মাস পর চান্দ্র বছরের চক্র আবার ঘুরে আসবে। তখন আরেকটি হজ মৌসুম শুরু হবে। ২৬ ডিসেম্বর হবে দ্বিতীয় ঈদুল আজহা। সেটি হিজরি ১৪৬১ সালের ১০ জিলহজ।
এর মানে, এক সৌর বছরে মক্কায় দুবার হজ অনুষ্ঠিত হবে। এটি খুবই বিরল ঘটনা। দুই হজেই আলাদা করে আসবে আরাফার দিন। ঈদের আগের এই দিনে হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হয়ে দোয়া করেন।
এই দুই ঈদের মাঝখানে পড়বে ঈদুল ফিতর। এটি ১৯ অক্টোবর হওয়ার কথা। ফলে এক বছরে দুটি কোরবানির ঈদ ও একটি ঈদুল ফিতর মিলিয়ে মোট তিনটি ঈদ অনুষ্ঠিত হবে।
এই পার্থক্য শুধু হজের মৌসুমেই সীমাবদ্ধ নয়। রমজানেও কাছাকাছি সময়ে এমন ঘটনা ঘটবে। ২০৩০ সালে মুসলিমরা একই ইংরেজি বছরে দুবার রমজান মাস পাবেন। একটি শুরু হবে জানুয়ারিতে, অন্যটি ডিসেম্বরে। ৩৩ বছর পর এমন ঘটনা ঘটবে। এর আগে ১৯৯৭ সালে এমনটি ঘটেছিল।