এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও প্রতারণামূলক ভিডিও তৈরি এবং মানুষের কণ্ঠস্বর নকল করার বিরুদ্ধে সতর্ক করেছেন মক্কার মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও নির্মাণ ও কণ্ঠ নকল করা সম্পূর্ণ হারাম বলেছেন তিনি। প্রযুক্তিকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করার জন্য তিনি মুসলিমদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেছেন, এ ধরনের প্রতারণামূলক কাজকে ইসলামী শরীয়াহ অনুযায়ী নিষিদ্ধ ও মিথ্যাচারের অন্তর্ভুক্ত।

প্রযুক্তি ব্যবহার করে অন্যকে প্রতারিত করা, কারো রূপ ধারণ করা অথবা কেউ দেয়নি এমন মিথ্যা বক্তব্য তার ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি।

তবে শায়খ সুদাইস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সরাসরি নিন্দা করেননি। তিনি আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়াকে মহান আল্লাহর নিয়ামত হিসেবে বর্ণনা করে বলেন, এগুলো দায়িত্বশীলতার সঙ্গে এবং ভালো বা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত।

তিনি সতর্ক করে বলেন, যাচাইহীন তথ্য গুজবকে উসকে দেয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট করে, ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে এবং জনসাধারণের বিশ্বাস ভেঙে দেয়।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন