মক্কার কোরআন জাদুঘরে সাড়ে তিন’শ বছরের পুরোনো পাণ্ডুলিপি

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম

সৌদি আরবের মক্কায় অবস্থিত হিরা কালচারাল ডিস্ট্রিক্টের পবিত্র কুরআন জাদুঘরে সংরক্ষিত রয়েছে প্রায় সাড়ে তিনশ বছর আগের একটি বিরল কুরআন পাণ্ডুলিপি।

১১০০ হিজরি সময়কার এ পাণ্ডুলিপি অনন্য অলঙ্করণশৈলী, সূক্ষ্ম কারুকাজ এবং নান্দনিক শিল্পবৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে সমাদৃত।

পাণ্ডুলিপিটির প্রতিটি পাতায় সোনালি রঙে আঁকা সূক্ষ্ম নকশা, ফুলেল অলঙ্করণ ও শৈল্পিক বিন্যাস ফুটে উঠেছে। কুরআনের শিরোনাম, আয়াতের বিন্যাস এবং উজ্জ্বল রঙের ব্যবহার সে সময়কার ইসলামি ক্যালিগ্রাফি ও শিল্পকলার উৎকর্ষের পরিচয় বহন করে।

সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এর সূচনাপাতা। সেখানে সূরা আল-ফাতিহা মুখোমুখি দুই পাতাজুড়ে এমন নান্দনিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা জ্যামিতিক ভারসাম্য, সূক্ষ্ম কারুকাজ এবং শিল্পনৈপুণ্যের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

হিরা কালচারাল ডিস্ট্রিক্টের পবিত্র কুরআন জাদুঘর ইসলামি ঐতিহ্য, কুরআনের ইতিহাস এবং প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে বিভিন্ন যুগের বিরল কুরআনের কপি, ঐতিহাসিক নিদর্শন এবং ইসলামি শিল্পকলার মূল্যবান সংগ্রহ প্রদর্শিত হয়, যা দেশ-বিদেশের দর্শনার্থীদের আকর্ষণ করে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রাচীন পাণ্ডুলিপি শুধু ইসলামের ধর্মীয় ঐতিহ্যের সাক্ষ্য নয়; বরং মুসলিম সভ্যতার শিল্প, সংস্কৃতি, জ্ঞানচর্চা এবং ক্যালিগ্রাফির সমৃদ্ধ ইতিহাসও নতুন প্রজন্মের সামনে তুলে ধরে। সূত্র: হারামাইন আর্কাইভ

AHA
আরও পড়ুন