চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে এক নতুন জীবনের সন্ধান পেয়েছেন চীনের এক দম্পতি। ভ্রমণের পথে তুরস্কের আনতালিয়া শহরে একটি স্থানীয় পরিবারের সঙ্গে পরিচয়, তাদের আন্তরিক আতিথেয়তা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন আট বছরের দাম্পত্য জীবনে থাকা মোইয়ান সং ও লুওশি শু। ধর্মান্তরের পর ইসলামী বিধান অনুযায়ী নতুন করে বিয়েও সম্পন্ন করেছেন তারা।
প্রায় দুই বছর আগে চীনের রাজধানী বেইজিংয়ের চাকরি ছেড়ে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখার সিদ্ধান্ত নেন এই দম্পতি। ভিন্ন সংস্কৃতি, মানুষের জীবনধারা ও নতুন অভিজ্ঞতার খোঁজে শুরু হয় তাদের যাত্রা। প্রথমেই তারা যান ইন্দোনেশিয়ায়। সেখানে মুসলমানদের অতিথিপরায়ণতা ও মানুষের প্রতি সদাচরণ তাদের মনে গভীর ছাপ ফেলে। এর মধ্য দিয়েই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় দুজনের।
এরপর ভ্রমণের একপর্যায়ে তুরস্কের আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকায় যান তারা। সেখানে একটি পার্কে অবসর কাটানোর সময় পরিচয় হয় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে। ভাষার পার্থক্য থাকলেও ইংরেজি ও অনুবাদ অ্যাপের সাহায্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয় দুই পরিবারের মধ্যে।
পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে চীনা দম্পতিকে নিজেদের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান আয়সেল ও আবদুর রহমান। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় ইসলাম সম্পর্কে সং ও শুর আগ্রহের বিষয়টি জানতে পারেন তারা। পরে আয়সেল তাদের হাতে তুলে দেন পবিত্র কোরআনের একটি কপি। বইটি তাদের চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলে।
তুরস্ক থেকে চীনে ফিরে যাওয়ার পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেন মোইয়ান সং ও লুওশি শু। তবে ধর্ম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা আবারও ফিরে আসেন আনতালিয়ায়। এবার সেই শহরেই, যেখানে তাদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছিল।
আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে ওই তুর্কি পরিবারের উপস্থিতিতে একজন ইমামের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন তারা। নতুন ধর্মীয় পরিচয়ে মোইয়ান সং নিজের নাম রাখেন মুহাম্মদ মুরাদ। আর লুওশি শু নাম গ্রহণ করেন লায়লা বাতুল।
ইসলাম গ্রহণের পাশাপাশি তাদের আট বছরের দাম্পত্য সম্পর্কও ইসলামী রীতিতে নতুন করে আনুষ্ঠানিক রূপ পায়। কাজি মুহাম্মদ কুশুক তাদের বিয়ে পুনরায় সম্পন্ন করেন।
বর্তমানে নতুন ধর্মীয় জীবন সম্পর্কে জানার ও শেখার চেষ্টা করছেন এই দম্পতি। ইসলাম সম্পর্কে আরও জ্ঞান অর্জনের জন্য চীনা ভাষায় অনূদিত বিভিন্ন ইসলামী বই পড়ছেন তারা। অন্যদিকে, ভ্রমণের পথে পরিচিত হওয়া আয়সেল ও আবদুর রহমান আককোজের পরিবারের সঙ্গে তাদের সম্পর্কও এখন আর কেবল পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; গড়ে উঠেছে পারিবারিক বন্ধন।
বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ঘর ছাড়লেও তুরস্কের একটি পরিবারের সঙ্গে আকস্মিক পরিচয় শেষ পর্যন্ত এই চীনা দম্পতির জীবনে নিয়ে এসেছে এক নতুন অধ্যায়।