মালয়েশিয়ার সবচেয়ে বড় কোরআন মুদ্রণকেন্দ্রে ছাপাখানায় প্রবেশের আগে প্রত্যেক কর্মীকে একটি বিশেষ ধর্মীয় বিধান পালন করতে হয়। সেটি হলো অজু। নামাজের আগে মুসলমানরা যেভাবে শারীরিক ও আত্মিক পবিত্রতা অর্জনের জন্য অজু করেন, এখানেও পবিত্র কোরআন স্পর্শ ও মুদ্রণের আগে কর্মীদের অজু করে নিতে হয়।
কুয়ালালামপুর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে পুত্রজায়ায় অবস্থিত নাসিরুল কোরআন কমপ্লেক্সে এই নিয়ম অনুসরণ করা হয়। কমপ্লেক্সটির একজন গাইড মুহাম্মদ আশরাফ আমির বলেন, ‘কোরআন স্পর্শ করতে চাইলে কিংবা এখানে কাজ করতে চাইলে সব সময় অজু অবস্থায় থাকতে হবে।’
মালয়েশিয়ার কর্তৃপক্ষের দাবি, সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহাদ কোরআন কমপ্লেক্সের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন মুদ্রণকেন্দ্র এটি। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, মদিনার কেন্দ্রটিতে বছরে দুই কোটির বেশি কোরআনের কপি ছাপা হয় এবং ৭৯টি ভাষায় অনুবাদ প্রকাশ করা হয়। অন্যদিকে মালয়েশিয়ার নাসিরুল কোরআন কমপ্লেক্সে বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি ছাপার সক্ষমতা রয়েছে। এসব কোরআন ৩০টি ভাষায় প্রকাশ করা হয়।
নাসিরুল কোরআন কমপ্লেক্সে প্রতিদিন প্রায় ১৫ হাজার কপি কোরআন ছাপা হয়। পুরো উৎপাদনপ্রক্রিয়া তদারক করেন ৫০ থেকে ৮০ জন কর্মী।
প্রথমে বড় আকারের কাগজে কোরআনের পৃষ্ঠাগুলো ছাপানো হয়। এরপর কাগজের রং ও মুদ্রণের মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হয়েছে কি না, তা পরীক্ষা করা হয়। পরবর্তী ধাপে বিশেষজ্ঞরা পৃষ্ঠাগুলোতে কোনো ভুল আছে কি না যাচাই করেন।
এই বিশেষজ্ঞদের বলা হয় ‘লাজনাহ তাশেহ’। তাঁদের আরবি ভাষায় দক্ষ হতে হয় অথবা পুরো কোরআন মুখস্থ থাকতে হয়।
অনুমোদন পাওয়ার পর কাগজগুলো বিশেষ যন্ত্রের মাধ্যমে ভাঁজ করা হয়। এসব যন্ত্র ঘণ্টায় প্রায় আট হাজার কাগজ ভাঁজ করতে পারে। এরপর ভাঁজ করা পৃষ্ঠাগুলো আবার পরীক্ষা করা হয়। সব ঠিক থাকলে সেগুলো বিভিন্ন খণ্ডে সাজিয়ে সেলাই করা হয় এবং শক্ত মলাটে বাঁধাই করা হয়।
বাঁধাইয়ের পর লাজনাহ তাশেহ বিশেষজ্ঞরা দ্বিতীয়বারের মতো প্রতিটি কপি পরীক্ষা করেন। এ ছাড়া কোনো পৃষ্ঠা কম বা বেশি রয়েছে কি না, তা শনাক্ত করতে প্রতিটি কোরআন আলাদাভাবে ওজন করা হয়।
কমপ্লেক্সটির গাইড আশরাফ জানান, প্রতিটি কোরআনের ওজন সাধারণত প্রায় এক কেজি হওয়ার কথা। এর চেয়ে বেশি বা কম ওজন হলে পৃষ্ঠার সংখ্যা কিংবা বাঁধাইয়ে কোনো সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়।
মালয়েশীয় পরিচয়ে কোরআন তৈরির স্বপ্ন
মালয়েশিয়ায় নাসিরুল কোরআন প্রতিষ্ঠার পেছনে ছিল দেশটির নিজস্ব শিল্প-সংস্কৃতির পরিচয়ে কোরআনের একটি সংস্করণ তৈরির স্বপ্ন।
চতুর্দশ শতকের শুরুতেই মালয় উপদ্বীপে ইসলামের বিস্তার ঘটে। মুসলিম ব্যবসায়ীরা কয়েক শতাব্দী ধরে দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে সমুদ্রপথে যাতায়াতের মাধ্যমে এ অঞ্চলে ইসলাম প্রচারে ভূমিকা রাখেন। ২০২০ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, মালয়েশিয়ার জনসংখ্যার ৬৩ দশমিক ৫ শতাংশ মুসলিম।
নাসিরুল কোরআন প্রতিষ্ঠার আগে থেকেই দেশটিতে কোরআনের বিভিন্ন সংস্করণ প্রচলিত ছিল। তবে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়েছিলেন, মালয়েশিয়ার নিজস্ব শিল্পরীতি ও নান্দনিকতা যেন কোরআনের সংস্করণে প্রতিফলিত হয়।
প্রতিষ্ঠানটির পেছনে থাকা অলাভজনক সংস্থা ইয়ায়াসান রেস্তুর চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‘মানুষ ভাবত, কোরআন বুঝি আরব দেশ থেকেই আসে। পরে আমরা বুঝতে পারি, মানুষকে প্রশিক্ষণ দিয়ে কোরআন অনুলিপি করার কাজ শেখানো সম্ভব।’
১৯৮৭ সালে মাত্র দুজনকে নিয়ে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। তাঁদের প্রথম পাণ্ডুলিপি সম্পন্ন করতে সময় লেগেছিল ১০ বছর।
লতিফ বলেন, ‘কোরআন অনুলিপি করা একটি শিল্প, কারণ এতে ক্যালিগ্রাফি রয়েছে। এর লিপি নিজেই একটি শিল্প।’
মালয়েশিয়া আরবিভাষী দেশ নয়। তাই প্রকল্পের শুরুতে দলটির জন্য আরবি ভাষা শেখা ছিল বড় চ্যালেঞ্জ। ক্যালিগ্রাফি ও আরবি ভাষার প্রশিক্ষণের পর তাঁরা পাণ্ডুলিপির পৃষ্ঠাগুলোকে নান্দনিকভাবে সাজানোর কাজ শুরু করেন।
এই শিল্পকৌশলকে বলা হয় ‘ইলুমিনেশন’। এটি কয়েক শতাব্দী পুরোনো একটি শিল্পধারা। এতে জটিল নকশা, উজ্জ্বল রং এবং কখনো সোনালি অলংকরণের মাধ্যমে ফুল ও জ্যামিতিক নকশায় পৃষ্ঠাগুলো সাজানো হয়।
লতিফ বলেন, ‘আমরা সৌন্দর্য, একসঙ্গে কাজ করা এবং পারস্পরিক সহযোগিতার ইসলামী নীতির ওপরও গুরুত্ব দিই। ধর্ম কোনো একটি জাতি বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিশ্বজনীন সংস্কৃতি, যা স্থানীয় রং ও নকশার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।’
প্রতিষ্ঠানটি শুধু বিভিন্ন ভাষায় কোরআন অনুবাদই করে না, প্রতিটি সংস্করণে সংশ্লিষ্ট দেশের ফুল ও ঐতিহ্যবাহী নকশার অনুপ্রেরণায় অলংকরণও যুক্ত করে।
লতিফ জানান, চীনা ভাষায় কোরআন তৈরি করতে তাঁদের সাত বছর সময় লেগেছিল। চীনা ও আরবি—দুই ভাষায় দক্ষ অধ্যাপক ও শিক্ষকেরা এই কাজ তদারক করেন। সংস্করণটির অলংকরণ ও রঙের নকশায় চীনের নিজস্ব শিল্প-ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বেইজিংয়ের কোনো মসজিদে গেলে দেখবেন, সেখানকার পরিবেশ আরব দেশ বা মালয়েশিয়ার মসজিদের মতো নয়। ইসলামের সৌন্দর্য হলো, এটি স্থানীয় রং, নকশা ও ঐতিহ্যের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে।’
নাসিরুল কোরআন কমপ্লেক্সে দুর্লভ কোরআনের পাণ্ডুলিপিও প্রদর্শন করা হয়। এর মধ্যে হাতে লেখা ‘মুশাফ মালয়েশিয়া’ উল্লেখযোগ্য। একটি পৃষ্ঠা হাতে লিখতে ছয় থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। প্রায় ৬০০ পৃষ্ঠার পুরো কোরআন হাতে লিখে সম্পন্ন করতে দুই থেকে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে।
ইয়ায়াসান রেস্তু নিজস্ব প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে ক্যালিগ্রাফার তৈরি করে। সেখানে শিক্ষার্থীদের ইসলামী ক্যালিগ্রাফি ও কোরআনের শিল্পকলা শেখানো হয়। প্রত্যেক দক্ষ ক্যালিগ্রাফার নিজস্ব লেখার ধরন তৈরি করেন। অক্ষরের মধ্যকার দূরত্ব ও কলমের আঁচড়ের পুরুত্ব দেখে তাঁদের কাজের স্বাতন্ত্র্য চেনা যায়।
এই শিল্পীদের তৈরি কিছু পাণ্ডুলিপির মূল্যও অনেক বেশি। মালয়েশিয়ার সাবেক এক প্রধানমন্ত্রীর জন্য তৈরি একটি সংস্করণে রয়েছে ৩০২টি নকশা। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার রিঙ্গিত, যা প্রায় ৮ হাজার ৬০০ মার্কিন ডলারের সমান।
নাসিরুল কোরআন কমপ্লেক্সে বিক্রির পাশাপাশি বিনা মূল্যে বিতরণের জন্যও কোরআন তৈরি করা হয়। কোনো বেসরকারি সংস্থা দাতব্য কাজে বিতরণের জন্য কোরআন চাইলে তাদের বিনা মূল্যে দেওয়া হয়। তবে শর্ত থাকে, এসব কোরআন পুনরায় বিক্রি করা যাবে না।
লতিফ জানান, আগামী কয়েক বছরে আরও ৩০টি ভাষায় কোরআন অনুবাদ ও প্রকাশের লক্ষ্য রয়েছে তাঁদের। বিভিন্ন সংস্কৃতির মানুষের কাছে ইসলামের পবিত্র গ্রন্থ পৌঁছে দেওয়াই এই উদ্যোগের বৃহত্তর উদ্দেশ্য।
তিনি বলেন, ‘আমরা মানুষকে বলতে চাই, দেখুন, আমরা একসঙ্গে বসবাস করতে পারি। ইসলাম শান্তির ধর্ম। শিল্পের মাধ্যমে মানুষের মধ্যে সৌন্দর্যের প্রতি ভালোবাসা তৈরি করাই আমাদের লক্ষ্য। আর সৌন্দর্যের মধ্য দিয়েই শান্তি আসবে।’
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
মুক্তির আগেই ১৫০ কোটি ডলারের বেশি আয় করলো জিটিএ ৬
‘এভাবে অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি টিকবে না’
গাজা যুদ্ধে ইসরায়েলের স্বার্থ নয়, নিজের স্বার্থ দেখেন নেতানিয়াহু: বাইডেন
অ্যাপল ও জিমেইলে সেবা বিঘ্ন, বিপাকে ব্যবহারকারীরা
সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
ঘুম ভাঙলেও নড়াচড়া বা শ্বাস নিতে পারেন না? জেনে নিন কোন রোগের লক্ষণ