রিজিক বাড়াতে যে দোয়া বেশি পড়বেন

কেউ যদি রিজিকে সংকীর্ণতা অনুভব করেন, তার কর্তব্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। নবিজির (সা.) থেকে এ রকম বহু দোয়া বর্ণিত হয়েছে যেগুলোতে তিনি দারিদ্র্য থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন এবং হালাল ও উত্তম রিজিক প্রার্থনা করেছেন। নবিজিকে (সা.) অনুসরণ করে আমাদেরও উত্তম রিজিকের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। কেননা নবিজি (সা.) স্বয়ং আল্লাহর কাছে হালাল বা উত্তম রিজিক প্রার্থনা করতেন। 

রিজিকে বরকত লাভের জন্য কোরআনুল কারিমের এই আয়াতটি বেশি বেশি পড়া যেতে পারে-
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ
উচ্চারণ: আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুুকু মাইঁ ইয়াশাউ ওয়া হুয়াল কাওয়িয়্যুল আযীয।
অর্থ: আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু; তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল পরাক্রমশালী। (সুরা আশ-শুরা: ১৯)

হালাল রিজিকের জন্য নবিজির (সা.) দোয়া
হালাল রিজিক ও মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্তি পেতে এ দোয়াটি পড়ুন,
اَللّهُمَّ اكْفِنِى بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَاغْنِنِى بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ: আল্লাহুমমাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়াকা।
অর্থ: হে আল্লাহ! হারামের পরিবর্তে আপনার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করুন। আপনি ছাড়া অন্য সবার অমুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্তি দিন।