সুপারমুনকে কেন ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়

মানবজাতির ইতিহাসে চাঁদ বরাবরই মুগ্ধতা ও কৌতূহলের উৎস। তবে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চাঁদ আলোচনায় এসেছে এর মহাজাগতিক এক বিশেষ কারণে। এদিন পৃথিবীর আকাশে পূর্ণ রূপে ধরা দিয়েছে বছরের শেষ এবং সবচেয়ে উজ্জ্বলতম সুপারমুন, যা 'কোল্ড মুন' নামেও পরিচিত।

মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বছর তিনটি সুপারমুনের দেখা মিলেছে, যা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে রীতিমতো বিরল এক ঘটনা। এমনকি ২০২৬ সালের প্রথম পূর্ণিমাতেও আরেকটি সুপারমুন দেখার সুযোগ রয়েছে।

চাঁদ যখন তার কক্ষপথের পৃথিবীর সবচেয়ে নিকটতম বিন্দুতে থাকা অবস্থায় পূর্ণিমা হয়, তখন তাকে সুপারমুন বলা হয়। এই সময়ে চাঁদকে স্বাভাবিকের চেয়ে আরও বড় ও উজ্জ্বল দেখায়। পূর্ণিমা তখনই ঘটে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একটি সরলরেখায় অবস্থান করে, যার ফলে পৃথিবী থেকে চাঁদের সম্পূর্ণ আলোকিত দিকটি দেখা যায়।

একই ধরনের মহাজাগতিক ঘটনা ঘটলেও বছরের বিভিন্ন সময়ে এই মহাপূর্ণিমাগুলোকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। এর কারণ হলো।

গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রচলনের বহু আগে থেকেই বছরের প্রতিটি পূর্ণিমার একটি করে ঐতিহ্যবাহী নাম রয়েছে। ঋতু ও এই নামগুলো মূলত স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে এসেছে। ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিকার, ফসল কাটা এবং চাষের সময় নির্ধারণে সাহায্য করার জন্য এই নামগুলোর প্রচলন হয়েছিল।

ডিসেম্বর মাসের পূর্ণিমাকে সেই ঐতিহ্যবাহী ধারাবাহিকতায় 'কোল্ড মুন' (Cold Moon) বা শীতল চাঁদ বলা হয়। এই পূর্ণিমাটি শীতকালীন সংক্রান্তির কাছাকাছি সময়ে ঘটে এবং আনুষ্ঠানিকভাবে শীত ঋতুর শুরুকে নির্দেশ করে।

শীতল আবহাওয়ার কারণে একে 'লং নাইট মুন' (Long Night Moon) বা দীর্ঘ রাতের চাঁদ এবং 'মুন বিফোর ইউল' (Moon Before Yule) নামেও ডাকা হয়।

বৃহস্পতিবার দুপুরে এই পূর্ণ চাঁদ পূর্ব-উত্তর-পূর্ব আকাশে উদিত হয়েছিল। দীর্ঘ সময় ধরে এটি দেখা গেছে এবং পরের দিন ভোর ৮টা থেকে ৯টার মধ্যে এটি অস্ত গিয়েছে, যার ফলে সারা রাত চাঁদ দেখার সুযোগ ছিল।

চাঁদ যখন আকাশ পথে উঠেছিল, তখন এটি প্লিয়াডেস নক্ষত্রপুঞ্জ এবং উজ্জ্বল নক্ষত্র অ্যাল্ডিব্যারানের সাথে একটি সুন্দর ত্রিকোণ তৈরি করে। এছাড়াও, রাতের আকাশে চাঁদের কাছাকাছি দৃশ্যমান ছিল গ্রহরাজ বৃহস্পতি। একইসঙ্গে উজ্জ্বলভাবে উপস্থিত ছিল শীতের জনপ্রিয় নক্ষত্রমণ্ডল কালপুরুষ (Orion)

পরবর্তী সুপারমুনটি দেখা যাবে ২০২৬ সালের ৩রা জানুয়ারিতে, যার ঐতিহ্যবাহী নাম হলো 'উল্ফ মুন' (Wolf Moon) বা নেকড়ে চাঁদ।

সূত্র: বিবিসি