প্রযুক্তি বিশ্বের ধনকুবের ও এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, বৈঠকে চিৎকার এবং প্রকাশ্যে অপমান করার একাধিক অভিযোগ উঠেছে। বাইরে থেকে বন্ধুসুলভ ও বিনয়ী ব্যক্তিত্বের অধিকারী হিসেবে পরিচিত এই প্রযুক্তি উদ্যোক্তার কর্মক্ষেত্রের আচরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, হুয়াং প্রায়ই অফিসে মেজাজ হারাতেন এবং বৈঠকে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ধমক দিতেন। তাঁর সামনে প্রকাশ্যে অপমানিত হওয়ার আশঙ্কায় অনেক কর্মকর্তা আতঙ্কে থাকতেন বলেও দাবি করা হয়েছে।
এমনই একটি ঘটনা ঘটে গত ফেব্রুয়ারিতে। এনভিডিয়ার ৩০ জনের বেশি শীর্ষ নির্বাহীর উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠকে তৎকালীন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (বিশ্বব্যাপী মাঠপর্যায়ের কার্যক্রম) জয় পুরিকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন হুয়াং।
প্রতিবেদন অনুযায়ী, তিনি পুরিকে বলেন, ‘আমি আশা করি তুমি ফ্লুতে আক্রান্ত হবে এবং তোমার অবস্থা আরও খারাপ হবে।’ এরপর আরও বলেন, ‘আমি আশা করি তুমি মারা যাবে এবং আমাদের সবাইকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেবে।’
এ সময় জয় পুরি নীরব ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানায়, জেনসেনের চিৎকার করা খুবই স্বাভাবিক ঘটনা হলেও পুরিকে উদ্দেশ করে ওই মন্তব্যের পর বৈঠকের পরিবেশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও নীরব হয়ে পড়ে। পরে পুরিকে এনভিডিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
প্রতিবেদনে হুয়াংয়ের এমন আরও কয়েকটি ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। ২০২৫ সালে প্রায় ৪০ জন কর্মীর উপস্থিতিতে তিন ঘণ্টার একটি বৈঠকে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিক্রয় কর্মকর্তার ওপর ক্ষুব্ধ হন তিনি। ওই কর্মকর্তাকে উদ্দেশ করে হুয়াং বলেন, ‘আমার ব্যবসা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই।’
অন্য একটি ঘটনায় প্রথমবারের মতো হুয়াংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে তিনি ধমক দিয়ে বলেন, ‘তুমি কি আমাকে দেখে মুচকি হাসছ? আমি শুধু মৃত মানুষের মতো মুখ দেখতে পাচ্ছি... বেরিয়ে যাও!’ এরপর ওই কর্মকর্তাকে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে এক বৈঠকে হুয়াং এক জ্যেষ্ঠ নির্বাহীর দিকে পানির বোতল ছুড়ে মেরেছিলেন বলেও নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া বার্লিনে একটি সম্মেলনে এনভিডিয়ার গ্রাহক প্রযুক্তি প্রতিষ্ঠানের কয়েকজন প্রধান নির্বাহীকে নিয়েও কটাক্ষ করেন হুয়াং। জাপানের এক স্যুপ বিক্রেতার গল্প শুনিয়ে তিনি বলেন, ওই বিক্রেতা লাইনে অপেক্ষমাণ অন্য ক্রেতাদের কথা বিবেচনা করে একজনকে দ্বিতীয়বার স্যুপ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এরপর নির্বাহীদের উদ্দেশে হুয়াং বলেন, ‘ওই স্যুপ বিক্রেতা আপনাদের সবার চেয়ে ভালো ব্যবসায়ী।’ তিনি আরও বলেন, ‘আপনারা আমার পণ্যের মূল্য যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারছেন না।’
এদিকে হুয়াংয়ের জীবনী দ্য থিংকিং মেশিন–এর লেখক স্টিফেন উইটও নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে তাঁর আচরণ নিয়ে আলোচনা করেছেন।
উইটের লেখায় বলা হয়, হুয়াং নিজের কর্মজীবনের শুরুর দিকে রেস্তোরাঁয় থালাবাসন ধোয়া ও শৌচাগার পরিষ্কারের কাজ করার গল্প বলে প্রায়ই নিজেকে বিনয়ী নেতা হিসেবে তুলে ধরতেন। কর্মীদের প্রশংসাও করতেন। তবে তাঁর এই জনসম্মুখের ভাবমূর্তির আড়ালে ভিন্ন একটি আচরণ ছিল বলে দাবি করেন উইট।
তাঁর ভাষ্য অনুযায়ী, মতবিরোধ সহ্য করার ক্ষমতা হুয়াংয়ের খুব কম ছিল এবং খোলামেলা আলোচনার প্রতিও তাঁর আগ্রহ ছিল না। সামান্য মতানৈক্যেও তিনি মেজাজ হারিয়ে কর্মীদের ওপর চিৎকার শুরু করতেন।
হুয়াংয়ের কর্মক্ষেত্রের আচরণ নিয়ে এসব অভিযোগের পাশাপাশি তাঁর পদত্যাগ ও ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও পদ থেকে সরে দাঁড়ান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ রয়েছে তাঁর। ওই নারীকে চীনা গুপ্তচর সন্দেহে উল্লেখ করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। এ ছাড়া এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলসহ অন্তত তিন নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক থাকার অভিযোগও প্রকাশিত হয়েছে।
তবে এসব ব্যক্তিগত সম্পর্ক ও পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে কর্মক্ষেত্রে দুর্ব্যবহারের অভিযোগগুলোও সংশ্লিষ্ট সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদননির্ভর।