দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬-এর ভক্তদের। গেমটি খেলতে এরই মধ্যে নানা প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। কেউ অফিস থেকে ছুটি নিচ্ছেন, কেউ কিনছেন নতুন গেমিং কনসোল। আবার কেউ কেউ গেমটি অন্যদের আগে খেলতে নিজেদের অবস্থান নিউজিল্যান্ডে দেখানোর কৌশল খুঁজছেন।
বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখ প্রি-অর্ডার থেকে জিটিএ ৬-এর আয় হয়েছে ১১৮ কোটি ডলার। তবে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার এ তথ্য নিশ্চিত করেনি।
গেমটির আকার ২১২ গিগাবাইট। আগে থেকেই ডাউনলোড করে রাখার সুযোগ থাকলেও মুক্তির সময় একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ খেলতে শুরু করায় ইন্টারনেটের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। লন্ডন ইন্টারনেট এক্সচেঞ্জের প্রধান নির্বাহী জেনিফার হোমস জানিয়েছেন, যুক্তরাজ্যের বিটি ও ভার্জিন মিডিয়াসহ কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সম্ভাব্য বাড়তি চাহিদা সামাল দিতে নেটওয়ার্কের সক্ষমতা বাড়িয়েছে।
তবে অনেক ভক্তের কাছে গেমটি ডাউনলোড করে রাখাই যথেষ্ট নয়। মুক্তির দিন থেকেই নির্বিঘ্নে খেলার সুযোগ পেতে তাঁরা কর্মস্থল থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন।
বড় গেম মুক্তির সময় ছুটি নেওয়ার প্রবণতা অবশ্য নতুন নয়। ২০১৮ সালের অক্টোবরে ‘রেড ডেড রিডেম্পশন ২’ মুক্তির সময়ও অনেক খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মস্থল থেকে ছুটি নেওয়ার কথা জানিয়েছিলেন। ওই বছর গেমটির জন্য অসুস্থতার অজুহাতে ছুটি নেওয়ার আলোচনা অন্য যেকোনো গেমের তুলনায় বেশি ছিল বলে একটি বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
২০২০ সালের ডিসেম্বরে ‘সাইবারপাঙ্ক ২০৭৭’ মুক্তির আগেও কয়েক দিনের ছুটি নেওয়ার পরিকল্পনা করেছিলেন অনেকে। তবে জিটিএ ৬-এর ক্ষেত্রে এই আগ্রহ যেন আরও বড় আকার ধারণ করেছে।
যুক্তরাজ্যের ৭০ হাজার প্রতিষ্ঠানের ১২ লাখের বেশি কর্মীর ছুটির আবেদন বিশ্লেষণ করেছে মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার প্রতিষ্ঠান ব্রাইটএইচআর। তাদের হিসাবে, কর্মীদের ছুটির আবেদনের ৪ দশমিক ৬ শতাংশে জিটিএর উল্লেখ রয়েছে। শুধু নভেম্বর ও ডিসেম্বর মিলিয়ে গেমটি খেলার জন্য আনুমানিক ৮৩ হাজার কর্মদিবসের ছুটি নেওয়া হয়েছে।
ছুটির আবেদনে কেউ লিখেছেন, নতুন জিটিএ আসছে, তাই এক সপ্তাহ সোফায় বসে কাটাবেন। আরেকজন লিখেছেন, নতুন জিটিএ খেলবেন—এ জন্য যেন অনন্তকাল ধরে অপেক্ষা করছেন। তৃতীয় একজন আবেদনপত্রে উল্লেখ করেছেন, ছুটি মঞ্জুর না হলে চাকরি ছেড়ে দেবেন। তবে এসব আবেদন বাস্তবে নিয়োগকর্তারা অনুমোদন করেছেন কি না, তা জানার কোনো উপায় নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গেমটি ঘিরে আগ্রহকে কাজে লাগিয়ে কিছু প্রতিষ্ঠানও বিশেষ সুবিধা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্টে অবস্থিত সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি ডিভিশন এমনই একটি উদ্যোগ নিয়েছে। সেখানে কর্মরত কিছু সক্রিয় সেনাসদস্যকে গেমটি মুক্তির সময় চার দিনের ছুটি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে শর্ত হলো, ১ আগস্ট থেকে ১২ নভেম্বরের মধ্যে অন্তত দুই বছরের জন্য পুনরায় সেনাবাহিনীতে থাকার চুক্তি করতে হবে।
ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অ্যাঞ্জেল টমকো বিবিসিকে জানান, সেনাসদস্যদের আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যতিক্রমী প্রণোদনা দেওয়াই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাটালিয়নের ১৩০ জন সেনাসদস্য এ সুবিধা পাওয়ার যোগ্য। তাঁদের মধ্যে ২০ জন পুনরায় যোগদানের চুক্তির অংশ হিসেবে এই সুবিধা বেছে নিয়েছেন।
নিউজিল্যান্ডে অবস্থান দেখিয়ে আগে খেলার চেষ্টা
ছুটি নেওয়ার পাশাপাশি গেমটি অন্যদের আগে খেলার সুযোগ পেতে প্রযুক্তিগত একটি কৌশল নিয়েও আলোচনা করছেন ভক্তরা। বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় রাত ১২টায় গেমটি উন্মুক্ত করা হবে। ফলে আন্তর্জাতিক তারিখরেখার কাছাকাছি অবস্থানের কারণে নিউজিল্যান্ডে সবার আগে গেমটি খেলার সুযোগ তৈরি হবে।
এ সুযোগ কাজে লাগাতে কিছু খেলোয়াড় তাঁদের গেমিং কনসোলের অবস্থান নিউজিল্যান্ডে দেখানোর উপায় খুঁজছেন। অর্থাৎ, বাস্তবে অন্য দেশে থেকেও কনসোলকে এমনভাবে সেট করার চেষ্টা করছেন, যেন সেটি নিউজিল্যান্ডে রয়েছে।
গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, গত এক মাসে যুক্তরাজ্যে ‘জিটিএ ৬ নিউজিল্যান্ড ট্রিক’ লিখে অনুসন্ধানের হার ৫ হাজার শতাংশের বেশি বেড়েছে।
গেমস সাংবাদিক ভিক হুড বলেন, যত দ্রুত সম্ভব গেমটি খেলার অভিজ্ঞতা নিতে চান অনেকেই। একই সঙ্গে গেমের কাহিনি বা গুরুত্বপূর্ণ ঘটনা আগেভাগে জেনে যাওয়ার ঝুঁকি এড়াতেও তাঁদের মধ্যে তাড়াহুড়া রয়েছে।
যুক্তরাজ্যের চেয়ে নিউজিল্যান্ডের সময় ১৩ ঘণ্টা এগিয়ে। ফলে সেখানে গেমটি আগে উন্মুক্ত হলে যুক্তরাজ্যের খেলোয়াড়দের তুলনায় ১৩ ঘণ্টা আগেই খেলার সুযোগ তৈরি হতে পারে। এ সময়ের মধ্যে গেমের কাহিনির গুরুত্বপূর্ণ অংশ ইন্টারনেটে ছড়িয়ে পড়তে পারে, যা অন্যদের জন্য স্পয়লারের কারণ হতে পারে।
রেডিটে একজন ভক্ত জানিয়েছেন, নিউজিল্যান্ডের এই কৌশলের কথা জানার পর তিনি অতিরিক্ত এক দিনের বেতনসহ ছুটি নিয়েছেন। এতে রাত জেগে অপেক্ষা না করে যুক্তরাজ্যের সময় সকাল ১১টায় গেমটি খেলার সুযোগও তৈরি হতে পারে।
তবে এই কৌশল ব্যবহারে সতর্ক করেছেন এক্সবক্সের এক ব্যবহারকারী। রেডিটে তিনি লিখেছেন, অতীতে অন্য গেমের ক্ষেত্রেও এ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কিন্তু জিটিএ ৬-এর ক্ষেত্রে মাইক্রোসফট হয়তো এই সুযোগ বন্ধ করতে পারে। এমনকি নিয়ম ভাঙার কারণে খেলোয়াড়দের অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আশঙ্কাও রয়েছে।
গেমটির নির্মাতা রকস্টার ও প্রকাশক টেক-টু ইন্টারঅ্যাকটিভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সনি বা মাইক্রোসফটও এ নিয়ে কিছু জানায়নি।
বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাম্পিয়ার অ্যানালাইসিসের লুইস উলড্রিজ জানান, এক্সবক্স ও প্লেস্টেশনের আঞ্চলিক অ্যাকাউন্ট এবং কেনাকাটার বিষয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে। সনির নিয়ম তুলনামূলকভাবে আরও কঠোর। তাই এই কৌশল ব্যবহার করলে খেলোয়াড়দের শর্ত ভঙ্গের ঝুঁকি তৈরি হতে পারে। এর ফলে অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ কিংবা ডিজিটাল গেমে প্রবেশাধিকার হারানোর আশঙ্কা রয়েছে।
পিসি ব্যবহারকারীদের অপেক্ষা আরও দীর্ঘ
কনসোল ব্যবহারকারীদের তুলনায় পিসিতে গেম খেলা ভক্তদের আরও বেশি অপেক্ষা করতে হবে। আগের কয়েকটি জিটিএ গেমের মতো এবারও মুক্তির প্রথম দিন পিসি সংস্করণ পাওয়া যাবে না। ফলে পিসি ব্যবহারকারীদের অন্যদের ইউটিউব ভিডিও ও টুইচের সরাসরি সম্প্রচার দেখে গেমটির অভিজ্ঞতা নিতে হবে।
গেমার স্টিফেন ফিন এ বিষয়ে বলেন, পিসি ব্যবহারকারীদের জন্য বিষয়টি দুর্ভাগ্যজনক। তাঁদের অন্যদের ভিডিও দেখেই আপাতত সন্তুষ্ট থাকতে হবে।
এদিকে গেমটি খেলতে অনেকেই নতুন কনসোল কিনছেন। যুক্তরাজ্যে প্লেস্টেশন ৫-এর দাম শুরু হয়েছে ৫২০ পাউন্ড থেকে। আরও শক্তিশালী পিএস৫ প্রোর দাম প্রায় ৭৯০ পাউন্ড। দাম বেশি হলেও জিটিএ ৬ খেলার আকাঙ্ক্ষায় অনেকে কনসোল কিনতে পিছপা হচ্ছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ কেউ শুধু জিটিএ ৬ খেলার জন্যই নতুন পিএস৫ কিনছেন। যুক্তরাষ্ট্রের ইউটিউবার আইসোইশের একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁর নতুন কনসোলে শুধু জিটিএ ৬-ই থাকবে। পুরো পিএস৫ কেনার উদ্দেশ্যই গেমটি খেলা।
সব মিলিয়ে ১৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর জিটিএ ৬-এর মুক্তি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। গেমটি খেলার জন্য কেউ ছুটি নিচ্ছেন, কেউ নতুন কনসোল কিনছেন, আবার কেউ আগেভাগে খেলার কৌশল খুঁজছেন। খরচ বা বাড়তি পরিশ্রম—কোনোটিই যেন তাঁদের আগ্রহে বাধা হয়ে দাঁড়াচ্ছে না।
সূত্র: বিবিসি