ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘমেয়াদি সামরিক যুদ্ধে পরিণত হতে দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, প্রশাসন আরেকটি ‘চিরস্থায়ী যুদ্ধ’ এড়ানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (১৬ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সংঘাতের গতিপথ নিয়ে তাঁর সঙ্গে ট্রাম্পের কোনো মতবিরোধ নেই। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ দীর্ঘায়িত না করে এর অবসান ঘটাতে চান।
ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিন না কেন, এমন কিছু মানুষ থাকবেন, যাঁরা আরও বেশি পদক্ষেপ নেওয়ার দাবি জানাবেন এবং যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে চাইবেন।
তিনি আরও বলেন, সংঘাত কীভাবে শেষ করা হবে, সে বিষয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত যা-ই হোক, এটিকে দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেওয়া হবে না—এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। এ অবস্থান নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কোনো মতপার্থক্য নেই বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত চলার পাশাপাশি এর ব্যয় ও স্থায়িত্ব নিয়ে বিতর্ক বাড়ছে। এমন পরিস্থিতিতে ভ্যান্স বলেন, এই সংঘাতকে ১০ বা ১৫ বছরের সামরিক দায়বদ্ধতায় পরিণত হতে দেওয়া হবে না। এমনকি দুই বছর মেয়াদি সামরিক সম্পৃক্ততাও তাঁরা চান না।
ভ্যান্সের অভিযোগ, নব্য রক্ষণশীলসহ পররাষ্ট্রনীতির সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকাল এই সংঘাতে জড়িয়ে রাখতে চান। তবে বিদেশে দীর্ঘমেয়াদি যুদ্ধে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েই প্রশাসন ভোটারদের সমর্থন চেয়েছিল। সেই প্রতিশ্রুতি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।
ভ্যান্স আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত ট্রাম্প এমন ফলাফল নিয়ে যুদ্ধের অবসান ঘটাবেন, যা মার্কিন জনগণের জন্য ইতিবাচক হবে।
ট্রাম্পের সমালোচনা থেকে আড়াল হতে চান ভ্যান্স
সাক্ষাৎকারে ইরান সংঘাত মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন ভ্যান্স।
যুদ্ধ নিয়ে তাঁর সঙ্গে ট্রাম্পের কোনো মতপার্থক্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি তা নাকচ করেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যেও এ বিষয়ে কোনো বিরোধ নেই বলে দাবি করেন তিনি।
তবে সংঘাতের কারণে রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে বলে স্বীকার করেন ভ্যান্স। বিশেষ করে পেট্রল ও জ্বালানির দাম বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, রাজনৈতিকভাবে এর প্রভাব পড়েছে এবং প্রেসিডেন্টও বিষয়টি স্বীকার করেছেন।
ইরান-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়েও তাঁর বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাব দেন ভ্যান্স। তিনি ইঙ্গিত দেন, ট্রাম্পকে আক্রমণ করার জন্যই কিছু সমালোচক তাঁকে লক্ষ্যবস্তু করছেন।
এ প্রসঙ্গে ভ্যান্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য আমি সমালোচনার ঢাল হতে প্রস্তুত।’
সূত্র: আনাদোলু এজেন্সি
চীনের সঙ্গে অপ্রয়োজনীয় সামরিক সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
৮ ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিলো ইসরায়েলি বসতি স্থাপনকারী
সিরিয়ার সঙ্গে ২০ বছর আগের সহযোগিতা চুক্তি পুনরুজ্জীবনে একমত ইইউ