ইতিহাস গড়েই কী থেমে গেলো নাসার ভয়েজার-১

পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়ার মাইলফলক ছোঁয়ার ঠিক আগে যোগাযোগ ও তথ্য পাঠানোর সমস্যায় পড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। প্রায় ৪৯ বছর আগে যাত্রা শুরু করা এই মহাকাশযানটি এখন আর কোনো বৈজ্ঞানিক বা কারিগরি তথ্য পাঠাতে পারছে না। পৃথিবীতে পৌঁছাচ্ছে শুধু একটি ফাঁকা ‘ক্যারিয়ার সিগন্যাল’ বা অবিচ্ছিন্ন বেতার সংকেত।

গত ১৪ নভেম্বর সমস্যাটি শনাক্ত করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর পাঁচ দিন পর, ১৯ নভেম্বর ভয়েজার-১-এর পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছানোর কথা ছিল। এক আলোকদিন হলো আলো এক দিনে যে দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আলোর গতিতে চলা কোনো বেতার সংকেত মহাকাশযানটিতে পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগে। এই দূরত্ব প্রায় ১৬০০ কোটি মাইল বা ২৬০০ কোটি কিলোমিটার।

ক্যারিয়ার সিগন্যাল এবং মহাকাশযানটির গতিপথের হিসাব বিশ্লেষণ করে প্রকৌশলীরা নিশ্চিত হয়েছেন, ভয়েজার-১ ওই দূরত্বে পৌঁছেছে। তবে একই সময়ে তথ্য পাঠানো বন্ধ হয়ে যাওয়ায় মহাকাশযানটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৯৭৭ সালের সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার-১। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য তৈরি করা হলেও প্রত্যাশার চেয়ে ১০ গুণেরও বেশি সময় ধরে এটি কাজ করছে।

নাসার ব্যাখ্যা অনুযায়ী, ক্যারিয়ার সিগন্যাল পাওয়া যাওয়ার অর্থ হলো মহাকাশযানটির দিকনির্দেশনা নিয়ন্ত্রণকারী কম্পিউটার এখনো সেটিকে পৃথিবীর দিকে সঠিকভাবে তাক করে রাখছে। এর অ্যান্টেনা ও সংকেত পাঠানোর সরঞ্জামও সচল রয়েছে। কিন্তু বৈজ্ঞানিক যন্ত্রগুলো থেকে তথ্য সংগ্রহ ও পাঠানোর দায়িত্বে থাকা কম্পিউটারে সমস্যা হয়ে থাকতে পারে।

ভয়েজার-১-এ মোট ১০টি বৈজ্ঞানিক যন্ত্র ছিল। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এর মধ্যে আটটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মাত্র দুটি যন্ত্র কাজ করছে।

সমস্যা সমাধানে কাজ করছেন নাসার প্রকৌশলীরা। তবে মহাকাশযানটি পৃথিবী থেকে এত দূরে থাকায় সমাধানের নির্দেশ পাঠানো এবং ফলাফল জানার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পৃথিবী থেকে পাঠানো কোনো নির্দেশ ভয়েজার-১-এ পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা লাগে। আবার সেখান থেকে উত্তর পৃথিবীতে আসতেও লাগে আরও ২৪ ঘণ্টা। ফলে প্রতিটি পদক্ষেপের ফল জানতে প্রায় দুই দিন সময় প্রয়োজন হচ্ছে।

এ বিষয়ে মন্তব্য জানতে ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, সমস্যাটি এখনো চলমান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আগেও একই ধরনের সমস্যায় পড়েছিলো

বর্তমান সমস্যার সঙ্গে ২০২৩ সালের ১৪ নভেম্বরের একটি ঘটনার মিল রয়েছে। ঠিক তিন বছর আগে সেদিনও ভয়েজার-১ ক্যারিয়ার সিগন্যাল পাঠালেও তার সঙ্গে কোনো বৈজ্ঞানিক তথ্য পাঠানো বন্ধ করে দিয়েছিল।

তখন নাসার প্রকৌশলীরা মহাকাশযানটির তিনটি অনবোর্ড কম্পিউটারের একটি ফ্লাইট ডেটা সাবসিস্টেমে (এফডিএস) ত্রুটি শনাক্ত করেন। এই কম্পিউটার বৈজ্ঞানিক ও কারিগরি তথ্য সংগ্রহ করে সেগুলো পাঠানোর উপযোগী করে তোলে।

কম্পিউটারটির একটি চিপ কাজ করা বন্ধ করে দিয়েছিল। তাই নাসা ওই চিপকে কোনো নির্দেশনা কার্যকর করার কাজ থেকে বাদ দেয়। কিন্তু এতে নতুন সমস্যা তৈরি হয়। বাকি চিপগুলোর মেমোরিতে পুরো সফটওয়্যার কোড ধারণ করার মতো জায়গা ছিল না।

সমাধান হিসেবে প্রকৌশলীরা কোডকে কয়েকটি ভাগে ভাগ করেন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনেন। এতে আলাদা অংশগুলো একসঙ্গে কাজ করতে সক্ষম হয়।

বর্তমান সমস্যার উৎসও এফডিএস কম্পিউটার কি না, তা নাসা এখনো নিশ্চিত করেনি। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে, এই কম্পিউটারেই ত্রুটি থাকতে পারে।

এর আগে গত অক্টোবরের শেষ দিকেও ভয়েজার-১-এর সঙ্গে পৃথিবীর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। টানা দুই দিন কোনো সংকেত পাওয়া যায়নি। পরে সমস্যাটি নিজে থেকেই ঠিক হয়ে যায়। তবে ঘটনাটি মনে করিয়ে দেয়, প্রায় পাঁচ দশক ধরে মহাকাশে থাকা এই যানটির কার্যক্ষমতা যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে। অক্টোবরের ওই ঘটনার সঙ্গে বর্তমান সমস্যার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে নাসা।

আর কত দিন সচল থাকবে ভয়েজার-১?

ভয়েজার-১ আর কত দিন কাজ করতে পারবে, তা নিশ্চিত করে বলা কঠিন। কয়েক দশক ধরে মিশন পরিচালনাকারীরা ধারণা করে আসছেন, মহাকাশযানটি আরও তিন থেকে পাঁচ বছর সচল থাকতে পারে। তবে নানা কৌশলে এর কার্যক্ষমতা বাড়িয়ে চলেছেন তাঁরা।

১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসে উৎক্ষেপণের পর থেকে ভয়েজার-১ মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর যমজ মহাকাশযান ভয়েজার-২ উৎক্ষেপণ করা হয় একই বছরের আগস্টের শেষ দিকে। দুটি যানই প্রাথমিকভাবে পাঁচ বছর ধরে বৃহস্পতি ও শনি গ্রহ অনুসন্ধানের জন্য তৈরি করা হয়েছিল।

বর্তমানে ভয়েজার-১ ও ভয়েজার-২ দুটিই আন্তনাক্ষত্রিক মহাকাশের পরিবেশ নিয়ে গবেষণা করছে। সূর্যের চৌম্বকক্ষেত্রের প্রভাবে তৈরি বিশাল সুরক্ষাবলয় হেলিওস্ফিয়ার পেরিয়ে ভয়েজার-১ ২০১২ সালে এবং ভয়েজার-২ ২০১৮ সালে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে।

সূত্র: সিএনএন