প্রথমবারের মতো মহাকাশযান স্টারশিপকে যান্ত্রিক বাহু দিয়ে ধরে অবতরণ করানোর কৃতিত্ব দেখিয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে। মহাকাশযান পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য করার প্রচেষ্টায় এটিকে বড় প্রযুক্তিগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ সহ্য করে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে স্টারশিপ। এরপর ধীরে ধীরে নিচে নেমে উৎক্ষেপণ প্যাডের ওপর স্থাপিত দুটি বিশাল যান্ত্রিক বাহুর মাঝখানে অবস্থান নেয়। ‘চপস্টিক আর্ম’ নামে পরিচিত এই বাহু দুটি মহাকাশযানটিকে নিরাপদে ধরে ফেলে।
স্পেসএক্সের মুখপাত্র ড্যান হুয়ট এ সাফল্যকে মহাকাশ অভিযানের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটাই ছিল মহাকাশযাত্রার চূড়ান্ত লক্ষ্য—আগুনের মধ্য দিয়ে দ্রুত নিচে নেমে আসা একটি যানকে ইস্পাতের বাহু দিয়ে আকাশ থেকে ধরে ফেলা। আমরা স্টারশিপকে ধরতে পেরেছি। এখন সবকিছু বদলে যাবে।’
স্টারবেসের কাছে মেক্সিকো উপসাগরের সৈকতে জড়ো হওয়া দর্শকেরা মহাকাশযানটি দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন।
১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন
বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট ব্যবস্থার ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন ছিল এটি। ২২ ঘণ্টার অভিযানে স্টারশিপ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। এ সময় ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট নেটওয়ার্কের জন্য ২৬টি স্যাটেলাইটও কক্ষপথে স্থাপন করে।
এর আগে স্পেসএক্স তিনবার ফিরে আসা বুস্টার রকেটকে যান্ত্রিক বাহু দিয়ে ধরতে সক্ষম হয়েছিল। তবে স্টারশিপকে ধরা ছিল অনেক বেশি জটিল। কারণ, বুস্টারের তুলনায় মহাকাশযানটি অনেক বেশি উচ্চতা থেকে এবং অনেক বেশি গতিতে নিচে নেমে আসে।
সাফল্যের পর স্পেসএক্সের দলকে অভিনন্দন জানান ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মহাকাশযানটির ছবি ও ভিডিও প্রকাশ করে তিনি বলেন, যানটি দেখতে দারুণ লাগছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মহাকাশবিষয়ক বিশেষজ্ঞ ক্লেটন সোয়োপ এ অভিযানকে বড় প্রযুক্তিগত অর্জন হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান হিসেবে গড়ে তোলার ধারণা বাস্তবায়ন সম্ভব—এই অভিযান তার প্রমাণ দিয়েছে।
তবে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজির বিশ্লেষক ক্যাথলিন কার্লি মনে করেন, সক্ষমতা পুরোপুরি প্রমাণ করতে হলে একই ধরনের সাফল্য বারবার দেখাতে হবে। বিশেষ করে সংবেদনশীল মালামাল ও গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানে ব্যবহারের আগে এ সক্ষমতার নির্ভরযোগ্যতা নিশ্চিত করা প্রয়োজন।
চাঁদ ও মঙ্গল অভিযানের লক্ষ্য
স্টারশিপের ফিরে আসার পথ আগে থেকেই এমনভাবে নির্ধারণ করা হয়েছিল, যাতে জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে চলা যায়। স্পেসএক্সের জ্যেষ্ঠ প্রকৌশলী লার্স ব্ল্যাকমোর জানান, যানটি জনবিরল মরুভূমি এলাকার ওপর দিয়ে উড়ে বিভিন্ন শহর এড়িয়ে শেষ পর্যায়ে বড় একটি বাঁক নিয়ে পূর্ব দিক থেকে অবতরণস্থলের দিকে আসে।
স্টারশিপের বিভিন্ন সংস্করণ দিয়ে ভবিষ্যতে ইন্টারনেট স্যাটেলাইট ও ডেটা সেন্টার কক্ষপথে পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মানুষকে চাঁদ ও মঙ্গলে নিয়ে যাওয়ার লক্ষ্যও রয়েছে প্রতিষ্ঠানটির।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের আর্টেমিস অভিযানে চাঁদের অবতরণযান হিসেবে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা করছে। শনিবার নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান মহাকাশযানটির সফল অবতরণকে ‘প্রায় জাদুর মতো’ বলে মন্তব্য করেন। তাঁর ভাষায়, এটি চাঁদে পৌঁছানোর পথে আরও এক ধাপ অগ্রগতি।
স্টারশিপের সফল অবতরণ বড় অগ্রগতি হলেও প্রকল্পটির সামনে এখনো বেশ কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো কক্ষপথে থাকা অবস্থায় মহাকাশযানে জ্বালানি স্থানান্তর। চাঁদ ও মঙ্গলে দীর্ঘ দূরত্বের অভিযানের জন্য এ প্রযুক্তি অপরিহার্য।
এ ছাড়া সুপার হেভি বুস্টারের অবতরণপ্রক্রিয়াও আরও উন্নত করতে হবে। শুক্রবার অবতরণের সময় প্রযুক্তিগত সমস্যার কারণে বুস্টারটিকে নির্ধারিত স্থানের পরিবর্তে মেক্সিকো উপসাগরের দিকে সরিয়ে নিতে হয়। সেটিকেও যান্ত্রিক বাহু দিয়ে ধরার পরিকল্পনা ছিল।
সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট ব্যবস্থার মাধ্যমে মহাকাশ অভিযানের ব্যয় কমানো এবং ঘন ঘন উৎক্ষেপণ সম্ভব করাই স্পেসএক্সের লক্ষ্য। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রতি ঘণ্টায় রকেট উৎক্ষেপণের সক্ষমতা তৈরি করা হবে।
গত জুনে শেয়ারবাজারে বড় ধরনের আত্মপ্রকাশের মাধ্যমে প্রায় ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সংগ্রহের পর উৎপাদন ও উৎক্ষেপণ সক্ষমতা বাড়াতে ব্যাপক বিনিয়োগ করছে স্পেসএক্স। শুক্রবার স্টারবেসের কারখানা পরিদর্শনে সাংবাদিকদের জানানো হয়, প্রতিষ্ঠানটি এখন প্রতি দুই সপ্তাহে একটি স্টারশিপ এবং প্রতি চার সপ্তাহে একটি বুস্টার তৈরির সক্ষমতা অর্জন করেছে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভারতের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরান
শেষ পর্যন্ত ইরানিদেরও খাবার খেতে হবে’, যুক্তরাষ্ট্রের অনাহারে রাখার হুমকির জবাবে বাঘাই
ইরানের হুমকি ‘চিরতরে নির্মূল’ করতে হবে: নেতানিয়াহু
'এটি নেতানিয়াহুর সর্বশেষ ভাঁওতা' নেতানিয়াহুর ঐক্য সরকারের বিষয়ে আইজেনকট
তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না: ডা. শফিকুর রহমান
নিরাপত্তা হুমকি, বাহরাইনে সতর্কতা জারি