সাইম আইয়ুব ও বাবর আজমের জোড়া হাফ-সেঞ্চুরি। এরপর স্পিনার মোহাম্মদ নওয়াজের দুর্দান্ত বোলিং। আর তাতেই পরাস্থ অস্ট্রেলিয়া। সেইসাথে অজিদের তৃতীয়বারের মতো টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার নজির গড়লো পাকিস্তান।
রোববার (১ ফেব্রুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১১ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় হার অজিদের। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বড় জয়ের স্বাদ নিল পাকিস্তান।
সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২২ ও ৯০ রানে জিতেছিল পাকিস্তান। ফলে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা। এর আগে দুই বা তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে দু’বার হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। ২০১০ সালে দুই ও ২০১৮ সালে তিন ম্যাচের সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করে পাকিস্তান ক্রিকেট দল।
আজ লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে পাকিস্তান। ৬ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৫৬ রান করেন সাইম আইয়ুব। চার নম্বরে নেমে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৯তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন বাবর আজম। এই ফরম্যাটে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ভারতের বিরাট কোহলির ৩৮তম হাফ-সেঞ্চুরি টপকে যান বাবর।
এছাড়া শেষ দিকে ২ চার ও ৫ ছক্কায় ১৯ বলে ৪৬ রানের ক্যামিও ইনিংস খেলেন শাদাব খান।
জবাবে স্পিনার নওয়াজের ঘূর্ণিতে পড়ে ১৬.৫ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে মার্কাস স্টয়নিস ২৩ ও ক্যামেরুন গ্রিন করেন ২২ রান।
৪ ওভার বল করে ১৮ রানে ৫ উইকেট নেন নওয়াজ। ৯১ ম্যাচের টি-টোয়েন্টিতে এটিই ক্যারিয়ার সেরা বোলিং নওয়াজের। আর তাতেই ম্যাচ সেরা হন নওয়াজ। এবং সিরিজ সেরা হন অধিনায়ক সালমান আঘা। সূত্র : বাসস