আসন্ন ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে পাকিস্তান দল অংশ নেবে বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। তবে একটি বড় শর্ত জুড়ে দেওয়া হয়েছে-চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করবে বাবর-রিজোয়ানরা।
রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য জাতীয় ক্রিকেট দলকে অনুমতি প্রদান করছে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’ পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে উদ্ধৃত করে ডন ও জিও নিউজসহ দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে- এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই তুঙ্গে ছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি বলেছিলেন যে, বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হলে পাকিস্তানও তাতে অংশ না নেওয়ার কথা ভাবছে।
অবশেষে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর পাকিস্তান সরকার এই মাঝামাঝি অবস্থানে পৌঁছাল। অর্থাৎ, টুর্নামেন্টে তারা খেললেও ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটিতে অংশ নেবে না।
এর আগে ৩০ জানুয়ারি মহসিন নাকভি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসি সংক্রান্ত বিষয়টি তাঁকে জানানো হয়েছে এবং তিনি সমস্ত বিকল্প খোলা রেখেই বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন।’ সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় থাকা ক্রিকেটপ্রেমীরা বড় ধাক্কা খেলেন।

