যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপ মিশন শুরু

বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ নিয়েই ছিল অনিশ্চয়তা। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে উড়েছে ইরানের পতাকা, বেজেছে জাতীয় সংগীত। 

আয়োজক আমেরিকার কঠোর বিধিনিষেধ ও দুই দেশের চলমান রাজনৈতিক-সামরিক উত্তেজনার মাঝে সব বাধা অতিক্রম করে নিজেদের প্রথম ম্যাচ খেলতে লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ইরান। 

এরই মধ্যে  ১-১ গোলে ড্র নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। চলছে দুই দলের লড়াই। ম্যাচের সপ্তম মিনিটে জাস্টের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। 

৩২ মিনিটে ইরান সমতা ফেরায় রামিনের গোলে। বিরতির কয়েক সেকেন্ড আগে ইরান আরেকটি গোল দিলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। 

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে সরাসরি যুদ্ধাবস্থা বিরাজ করছে।

এদিকে বিশ্বকাপ মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ইরান ও নিউজিল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা ইরান নিজেদের সর্বশেষ তিন প্রীতি ম্যাচে মালি, গাম্বিয়া ও কোস্টারিকাকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।

বিপরীতে নিউজিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। ২০২৫ সালের জুনে আইভরি কোস্টকে ১-০ গোলে হারানোর পর আর কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের এটি তৃতীয় সাক্ষাৎ। সর্বশেষ ২০০৩ সালের অক্টোবরে তেহরানে প্রীতি ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছিল ইরান। 

এর আগে ১৯৭৩ সালের আগস্টে অকল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দেখায় গোলশূন্য ড্র করেছিল দুই দল।

নিউজিল্যান্ড একাদশ

ম্যাক্স ক্রোকম্বে, টিম পেইন, মাইকেল বক্সাল, লিবারতো ক্যাকেস, ফিন সুরমান, জো বেল, মার্কো স্ট্যামেনিক, সরপ্রীত সিং, এলি জাস্ট, ক্যালাম ম্যাককোয়াট, ক্রিস উড।

ইরান একাদশ

আলিরেজা বেইরানভান্দ, রামিন রেজাইয়ান, শোজা খলিলজাদেহ, আলী নেমাতি, মিলাদ মোহাম্মদী, আরিয়া ইউসেফি, সাইদ এজাতোলাহি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ মহেবি, মেহেদী তারেমি, শাহরিয়ার মোঘনলু।
----------------------------