২০২৬ ফিফা বিশ্বকাপের পঞ্চম দিনে বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এক দিনের চারটি ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করে, বেলজিয়াম–মিসর এবং সৌদি আরব–উরুগুয়ে ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়। অন্যদিকে ইরান ও নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই শেষ হয় ২-২ গোলে।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এক দিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা এর আগে দেখা গিয়েছিল ৬৮ বছর আগে। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ জুন চারটি ম্যাচ ড্র হয়েছিল। সেদিন সুইডেন–ওয়েলস ম্যাচ গোলশূন্য ড্র হয়, যুগোস্লাভিয়া–প্যারাগুয়ে ম্যাচ ৩-৩, ইংল্যান্ড–অস্ট্রিয়া ম্যাচ ২-২ এবং নর্দান আয়ারল্যান্ড–জার্মানি ম্যাচও ২-২ গোলে শেষ হয়।
১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরু হওয়ার পর এক দিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা মাত্র দ্বিতীয়বার ঘটল। ফলে ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনটি ইতিহাসের পাতায় বিশেষভাবে জায়গা করে নিল।
চার ম্যাচে মোট ৮টি গোল হলেও কোনো দলই জয় তুলে নিতে পারেনি। এতে সংশ্লিষ্ট গ্রুপগুলোর পয়েন্ট টেবিলের লড়াই আরও জমে উঠেছে এবং শেষ ষোলোতে ওঠার সমীকরণও হয়ে উঠেছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।