মেসিকে ব্রাজিলে নিতে চান প্রেসিডেন্ট লুলা!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে এক অভিনব ও রসাত্মক সমাধান দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সাম্প্রতিক দুর্দান্ত ফর্মের দিকে ইঙ্গিত করে তিনি মজা করে বলেছেন, তিনি ব্রাজিল দলে মেসিকে নেওয়ার কথা ভাবছেন!

বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা আশানুরূপ হয়নি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে, যা দলের মাঠের ভেতরের বেশ কিছু দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে।

অন্যদিকে, ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা নিজেদের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে, যেখানে লিওনেল মেসি একাই করেছেন ৩টি গোল।

বুধবার (১৭ জুন) সাংবাদিকরা যখন ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রেসিডেন্ট লুলাকে প্রশ্ন করেন, তখন তিনি হেসে জবাব দেন, “আমি ভাবছিলাম ব্রাজিলের হয়ে খেলার জন্য মেসিকেই সই করাব।”

তবে প্রথম ম্যাচে ড্র করলেও এখনই হতাশ হচ্ছেন না লুলা। মরক্কোকে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, প্রথম ম্যাচে ড্র করাটা খুব বড় কোনো বিপর্যয় নয়।

একই সাথে দলের ওপর আস্থা রেখে তিনি বলেন, “কথায় আছে, ব্রাজিলকে নিয়ে যখনই সবাই সবচেয়ে বেশি সন্দেহ প্রকাশ করে, তখনই তারা বিশ্বকাপ জেতে... দেখা যাক কী হয়।” আগামীকাল শুক্রবার (১৯ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিল শিবিরে প্রেসিডেন্ট লুলার মন্তব্যের পাশাপাশি বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নেইমার। ইনজুরি এবং ফর্মহীনতার কারণে দীর্ঘ প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর এবারের বিশ্বকাপ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত মাসে কাফ ইনজুরিতে পড়ার পর বুধবার প্রথমবারের মতো দলের সাথে হালকা অনুশীলনে যোগ দেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। অনুশীলনে নেমে মাঠে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে হেসে নেইমার চিৎকার করে বলেন, “তোমরা কি আমাকে মিস করেছ?”

দলের সাথে হালকা কার্যকলাপে অংশ নিলেও এই বিশ্বকাপে ঠিক কোন ম্যাচ দিয়ে নেইমার মাঠে নামবেন বা তার অভিষেক হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।