মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন সেলেসাও কিংবদন্তি রোনালদো নাজারিও। বিশেষ করে রাফিনিয়াকে তার স্বাভাবিক অবস্থানের বাইরে খেলানোর সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী এই সাবেক স্ট্রাইকার।
এসি মিলানে আনচেলত্তির অধীনে খেলা রোনালদোর মতে, পুরো মৌসুমে বার্সেলোনার হয়ে ডান প্রান্তে দুর্দান্ত পারফর্ম করা রাফিনিয়াকে বাম দিকে খেলানো ব্রাজিলের আক্রমণভাগের কার্যকারিতা কমিয়ে দিয়েছে।
এক অনুষ্ঠানে রোনালদো বলেন, রাফিনিয়া বাম দিকে খেলছিল, অথচ বার্সেলোনায় সে পুরো মৌসুম ডান দিক থেকে অসাধারণ খেলেছে। কিছু সিদ্ধান্ত ছিল যা বোঝা কঠিন। দ্বিতীয়ার্ধে অবশ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল।
তার মতে, এই সিদ্ধান্তের কারণে ব্রাজিল গতি, খেলার গভীরতা এবং আক্রমণের ধার, তিনটিই হারিয়েছে। তবে তিনি শুধু কৌশলগত ভুলকেই দায়ী করছেন না। বিশ্বকাপের প্রথম ম্যাচের চাপও খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।
রোনালদো বলেন, প্রথমার্ধে এত ভুল পাস দেখা স্বাভাবিক নয়। এমনকি কাসেমিরোর মতো অভিজ্ঞ খেলোয়াড়ও নিজের স্বাভাবিক ছন্দে ছিল না। আমার বিশ্বাস, স্নায়ুচাপই ব্রাজিলের খেলায় বড় প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, পরে আনচেলত্তি ও খেলোয়াড়দের বক্তব্যে যখন তারাও নার্ভাসনেসের কথা স্বীকার করেছে, তখন বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। বিশ্বকাপের মতো মঞ্চে বিশেষ করে নতুনদের জন্য এমন চাপ অস্বাভাবিক নয়।
আগামী ম্যাচে হাইতির বিপক্ষে একাদশে পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন রোনালদো। তার মতে, ডান প্রান্তে গতি ও প্রস্থ বাড়াতে লুইজ হেনরিকেকে সুযোগ দেওয়া উচিত।
রোনালদোর ভাষায়, লুইজ হেনরিকে মাঠে নেমে ডান দিকটা অনেক ভালোভাবে ব্যবহার করেছে। প্যাকেতা কিংবা রাফিনিয়া কেউই ভিনিসিউসের মতো মাঠ প্রশস্ত করতে পারেনি। এতে মাঝমাঠে ভিড় বাড়ে। বেশি জায়গা পেলে ব্রাজিল আরও বিপজ্জনক হয়ে উঠবে।
প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারলেও রোনালদো আশাবাদী, সামান্য কৌশলগত পরিবর্তন এবং চাপ কাটিয়ে উঠতে পারলেই ব্রাজিল দ্রুত নিজেদের সেরা ছন্দে ফিরবে।
ইরাকের জার্সিতে পাকিস্তানের জিদান ইকবালের ইতিহাস
ইংল্য্যন্ডের বিশ্বকাপ স্বপ্নের এক্স-ফ্যাক্টর বেলিংহ্যাম
ফরাসি ফুটবলের সিংহাসনে এমবাপ্পে