বিশ্বকাপের সর্বশেষ দুই আসরে ফাইনাল খেলেছে ফ্রান্স। চ্যাম্পিয়নও হয়েছে একবার। এবারও সবচেয়ে ফেবারিটদের হিট লিস্টে ফ্রান্সের নাম রয়েছে।
গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে শেষ ৩২–এ উঠেছিল তারা, এই পর্বেও সুইডেনকে হারিয়েছে ফ্রান্স।
সব ম্যাচেই দাপট দেখানো পারফরম্যান্স ছিলো দিদিয়ের দেশমের। তাই ফ্রান্সের প্রতি সবারই একটা আলাদা সমীহ আছে।
তবে এ ক্ষেত্রে একটু ব্যতিক্রম স্পানিশ তারকা লামিনে ইয়ামাল। শেষ ৩২–এ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে তিনি স্পষ্ট করেই বলেছেন, ‘ফ্রান্সের চেয়ে স্পেনই ভালো দল।’
লামিনে ইয়ামালের কথাগুলো ছিলো, ‘হারানো অসম্ভব এমন কোনো দল নেই। ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়। ইউরোর পর থেকে ওরা আমাদের হারাতেও পারেনি। এখানে কেউ ফেবারিট নয়, কেউ আমাদের চেয়ে এগিয়েও নেই...যেকোনো টুর্নামেন্টে নামার আগে আমি সব সময় জয়ের কথাই ভাবি। এখন আমার মাথায় একটাই চিন্তা, আমি বিশ্বকাপ জিততে যাচ্ছি।’
২০২৪ সালের ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। পরে তারা নেশন্স লিগেও ফ্রান্সকে হারিয়েছে।
এখন তাই তাদের নিয়ে খুব ভাবার কারণও নেই ইয়ামালের। বরং বিশ্বজয়ের স্বপ্নেই তিনি বিভোর।
ফুটবলারদের অনেককে দেখা যায় ট্যাটু এঁকে স্মরণীয় মুহূর্তগুলোকে ধরে রাখতে। তবে এ ক্ষেত্রেও ব্যতিক্রম ইয়ামাল, ‘মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না। আর আমি অন্য কারও গায়েও ট্যাটু এঁকে দিতে যাব না।’
বিশ্বকাপ জয়ের স্বপ্ন থাকলেও এবারের বিশ্বকাপে শুরুটা কিন্তু ভালো হয়নি স্পেনের। প্রথম ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে যায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা–ও ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেনই।
ইয়ামাল শুরুর ওই খারাপ সময় নিয়ে বলেন, ‘মানুষ বলছে আমরা আরও ভালো খেলতে পারতাম। তবে আমাদের মূল চাওয়া শান্ত থাকা ও ম্যাচ জেতা। খেলার উন্নতি তো করাই যাবে। হ্যাঁ, আমরা আরও ভালো করতে পারি এবং বর্তমানে যে রকম খেলছি, আমাদের সামর্থ্য তার চেয়ে অনেক বেশি। কিন্তু দিন শেষে আমি শুধু জয়টাই চাই।’