বিশ্ব ফুটবলে এমন কোনো ব্যক্তিগত অর্জন খুঁজে পাওয়া কঠিন, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেই। ছয়টি বিশ্বকাপ, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল, অসংখ্য শিরোপা, প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তবু বিশ্বকাপের মঞ্চে একটি আক্ষেপ এখনো তাকে তাড়া করে বেড়ায়। নকআউট পর্বে আজও তার নামের পাশে নেই একটি গোলও।
সেই অপূর্ণতাই এবার ঘোচানোর সুযোগ পাচ্ছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। দলকে শেষ ষোলোয় তোলার পাশাপাশি এই ম্যাচটি রোনালদোর জন্য হতে পারে বহু বছরের অপেক্ষার অবসানের মঞ্চ।
২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর টানা ছয়টি আসরে খেলছেন রোনালদো। এই সময়ের মধ্যে বিশ্বকাপে তার গোলসংখ্যা পৌঁছেছে ১০-এ। তবে অবাক করার মতো বিষয়, প্রতিটি গোলই এসেছে গ্রুপ পর্বে। নকআউটে বহুবার সুযোগ পেলেও প্রতিপক্ষের জাল আর খুঁজে পাওয়া হয়নি তার।
বিশ্বকাপে প্রথম গোলটি করেছিলেন ২০০৬ সালে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ ও ২০১৪ আসরে একটি করে গোল করেন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ছিল তার সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স। স্পেনের বিপক্ষে অবিস্মরণীয় হ্যাটট্রিকসহ সেই আসরে চারবার বল জড়ান জালে। ২০২২ কাতার বিশ্বকাপে করেন একটি গোল।
চলমান আসরেও শুরুটা ছিল পরিচিত ছন্দে। প্রথম ম্যাচে গোল না পেলেও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নিজের উপস্থিতি জানান দেন। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও গোলশূন্য থাকতে হয়েছে তাকে। ফলে নকআউটে ওঠার আগে তার ঝুলিতে রয়েছে দুটি গোল।
এবার সামনে ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের নেতৃত্বে অভিজ্ঞ ও লড়াকু এই দলটি সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে নকআউট পর্বে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে একাধিকবার। তাই পর্তুগালকে কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হবে।
পর্তুগালের আক্রমণের সবচেয়ে বড় ভরসা এখনও রোনালদো। ক্যারিয়াজুড়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে উদ্ধার করেছেন তিনি। তবে বিশ্বকাপের নকআউটে সেই স্বাক্ষর এখনো রাখা হয়নি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি তাই শুধু পর্তুগালের জন্য নয়, ব্যক্তিগতভাবেও রোনালদোর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।
একটি গোলই বদলে দিতে পারে বহু বছরের আলোচনার বিষয়। বিশ্বকাপের নকআউটে গোলশূন্য থাকার অধ্যায় শেষ করে নতুন আরেকটি ইতিহাস লেখার সুযোগ এখন রোনালদোর সামনে।
আফকন থেকে বিশ্বকাপ, সেনেগালের ভিএআর দুঃস্বপ্ন
নরওয়ে বাধা পেরোলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ
রোনালদো জ্বরে কাঁপছে টরন্টো