কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে দুঃসংবাদ

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

বিশ্বকাপের মাঠে দুর্দান্ত ছন্দ ধরে রেখে এবার ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে ফ্রান্স। রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর হালনাগাদ রেটিংয়ে দিদিয়ের দেশমের দল উঠে এসেছে এক নম্বরে। ফলে কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচ খেলতে নামার আগেই সিংহাসন হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সর্বশেষ প্রকাশিত ফিফা রেটিংয়ে ফ্রান্সের সংগ্রহ ১৯১৬.২৪ পয়েন্ট। ১৯০৭.৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে রয়েছে স্পেন, তাদের পয়েন্ট ১৮৭৯.৫৮।

বিশ্বকাপ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে ছিল ফ্রান্স। তখন তাদের রেটিং ছিল ১৮৬৯.৪৩। এরপর গ্রুপ পর্বে টানা তিন জয় এবং নকআউটের প্রথম ম্যাচে সুইডেনকে হারিয়ে ধারাবাহিকভাবে পয়েন্ট বাড়িয়েছে ফরাসিরা। শুধু সুইডেনের বিপক্ষে জয়ের সুবাদেই তারা পেয়েছে ৯.৪ রেটিং পয়েন্ট, যা শেষ পর্যন্ত তাদের আবারও শীর্ষে ফিরিয়ে এনেছে।

অন্যদিকে বিশ্বকাপে এক নম্বর দল হিসেবেই অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্টের আগে তাদের রেটিং ছিল ১৮৭৪.৮১। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পেলেও রাউন্ড অব ৩২-এর ম্যাচ এখনো না খেলায় নতুন কোনো পয়েন্ট যোগ হয়নি। সেই সুযোগেই তাদের টপকে গেছে ফ্রান্স।

শনিবার (৪ জুলাই) কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। তবে বড় ব্যবধানে জিতলেও সঙ্গে সঙ্গে শীর্ষস্থান ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। কারণ ফিফার রেটিং ব্যবস্থায় প্রতিপক্ষের শক্তিমত্তা, ম্যাচের গুরুত্ব এবং প্রত্যাশিত ফলাফলের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হয়। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে জয় থেকে রেটিং বৃদ্ধিও সীমিত থাকে।

বিশ্বকাপ শুরুর আগে পর্যন্ত ফ্রান্সই ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। কিন্তু আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে তারা তৃতীয় স্থানে নেমে যায়। সেই সুযোগে এক নম্বরে উঠে আসে আর্জেন্টিনা, আর দ্বিতীয় স্থানে ছিল স্পেন। বিশ্বকাপে টানা জয়ের ধারায় হারানো অবস্থান আবারও ফিরে পেল ফরাসিরা।

শীর্ষ দশেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। ১৮৪০.৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল উঠে এসেছে পঞ্চম স্থানে। গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর জাপানকে হারিয়ে রাউন্ড অব ৩২ পার হওয়ায় সেলেসাওদের রেটিং বেড়ে হয়েছে ১৮০৪.৯২।

এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের। মরক্কো এখন ষষ্ঠ এবং নেদারল্যান্ডস সপ্তম স্থানে। যদিও রাউন্ড অব ৩২-এ মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ডাচরা। বিপরীতে তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে পর্তুগাল।

বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো সবচেয়ে বড় অগ্রগতি করেছে। চার ধাপ এগিয়ে তারা উঠে এসেছে নবম স্থানে। দশম স্থানে রয়েছে বেলজিয়াম।

২০২৬ সালের মার্চ থেকে ফিফা তাদের রেটিং ব্যবস্থায় নতুন পরিবর্তন এনেছে। এখন ম্যাচ চলাকালীন প্রতিটি গোলের পরই রেটিং হিসাব তাৎক্ষণিকভাবে হালনাগাদ হয়। সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশ আগের মতোই রয়েছে ১৮১তম স্থানে।

র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে একটি কৌতূহলোদ্দীপক তথ্যও আবার সামনে এসেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে কোনো দল এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। এবার ফ্রান্স সেই ইতিহাস বদলাতে পারে কি না, তার উত্তর মিলবে টুর্নামেন্টের বাকি পথ শেষে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০
১. ফ্রান্স — ১৯১৬.২৪
২. আর্জেন্টিনা — ১৯০৭.৪০
৩. স্পেন — ১৮৭৯.৫৮
৪. ইংল্যান্ড — ১৮৪০.৪৬
৫. ব্রাজিল — ১৮০৪.৯২
৬. মরক্কো — ১৭৮৮.৮৬
৭. নেদারল্যান্ডস — ১৭৭৫.৫৪
৮. পর্তুগাল — ১৭৬৪.৮৬
৯. মেক্সিকো — ১৭৫৪.৩০
১০. বেলজিয়াম — ১৭৩৫.৪১

AS
আরও পড়ুন