হামজাকে ছাড়াই শুরু হচ্ছে জাতীয় ক্যাম্প

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প আগামী বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে। প্রধান কোচ থমাস ডুলির কোচিং প্যানেল প্রাথমিক দল হিসেবে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

এই প্রাথমিক তালিকায় নাম নেই তারকা ফুটবলার হামজা চৌধুরীর। কেবল হামজা একা নন, সামিত সোম, তারিক কাজী কিংবা ফাহমিদুলের মতো কোনো প্রবাসী খেলোয়াড়কেই এই তালিকায় রাখা হয়নি।

বাফুফে সূত্রে জানা গেছে, প্রবাসী ফুটবলারদের বাদ দেওয়া হয়নি, বরং পরিকল্পনা করেই এই মুহূর্তে রাখা হয়নি। প্রয়োজনের ভিত্তিতে এবং নিজ নিজ সুযোগ-সুবিধা অনুযায়ী তারা পরবর্তীতে দলের সাথে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়দের বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে। বাফুফে ইতোমধ্যে ক্লাবগুলোকে ২৭ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় পর্দা উঠবে ফিফা আসিয়ান কাপের। মূল টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগে ক্যাম্প শুরু হওয়ায় অনুশীলনের পর্যাপ্ত সময় পাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রাথমিক স্কোয়াডে যারা স্থান পেয়েছেন

মিতুল মারমা, আনিসুর রহমান জিকো, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা-২, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, কাজেম কিরমানি, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান মানিক, শাহরিয়ার ইমন, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

তথ্যসূত্র: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রেস রিলিজ