ওয়ানডে অভিষেকে হারমানের বিশ্বরেকর্ড

যেকোনো খেলোয়াড়ের জন্য অভিষেক ম্যাচ মানেই বিশেষ কিছু। আজীবনের জন্য স্মরণীয় মুহূর্ত। আর সেই অভিষেকে যদি গড়া যায় বিশ্বরেকর্ড! উইন্ডহুকে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তেমন এক বিশ্বরেকর্ড গড়েছেন জর্ডান হারমান। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ১৫০ রানের ইনিংস উপহার দিয়েছেন, যা ওয়ানডে অভিষেকে যৌথভাবে সর্বোচ্চ।

হারমান ছুঁয়েছেন তারই স্বদেশি ম্যাথু ব্রিটজকের বিশ্বরেকর্ড। গত বছর লাহোরে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রান করেছিলেন ব্রিটজকে। সেটি ছিল তার প্রথম ওয়ানডে ম্যাচ। ব্রিটজকে ভেঙেছিলেন কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার ডেসমন্ড হেইন্সের প্রায় ৪৭ বছর টিকে থাকা রেকর্ড। ১৯৭৮ সালে নিজের অভিষেক ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হেইন্স। 

নামিবিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বুধবার (৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুতে বেশ সতর্ক ছিলেন হারমান। ৬১ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর ধীরে ধীরে রান তোলার গতি বাড়ান। ৯৩ বলে পৌঁছে যান তিন অঙ্কে। শেষ পর্যন্ত ১২৬ বলের ইনিংসে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৫০ রান করেন হারমান।

এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ ছিল হারমানের সামনে। আর ১ রান করতে পারলেই নতুন বিশ্বরেকর্ড গড়তেন তিনি। কিন্তু ৪২তম ওভারে রুবেন ট্রাম্পেলমানের বলে আউট হয়ে যান। ফলে ব্রিটজকের রেকর্ডে ভাগ বসিয়েই সন্তুষ্ট থাকতে হয়। অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার পঞ্চম ব্যাটার হলেন ২৪ বছর বয়সী জর্ডান হারমান। তার আগে এই কীর্তি ছিল কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা, রিজা হেনড্রিকস ও ম্যাথু ব্রিটজকের।

হারমানের ১৫০, টনি ডি জর্জির ৭২ ও করবিন বশের ঝোড়ো ৩৯ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান করেছে। লক্ষ্য তাড়ায় স্বাগতিক নামিবিয়া ২১ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান করার পর বৃষ্টি নামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। 

ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান: জর্ডান হারমান (দক্ষিণ আফ্রিকা) ১৫০; ম্যাথু ব্রিটজকে (দক্ষিণ আফ্রিকা) ১৫০; ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ) ১৪৮; রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ১২৭