লন্ডনের শৌখিন ফুটবল মাঠ থেকে সোজা উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার এক বিরল প্রস্তাব পেয়েছিলেন ৩৬ বছর বয়সী জর্জ ডেসমন্ড কামুরাসি। তবে রাজমুকুট আর অঢেল জাঁকজমকের চেয়ে ফুটবলের সবুজ মাঠ ও নিজের মুক্ত জীবনকেই অগ্রাধিকার দিয়েছেন এই ফুটবলার। উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজপরিবারের সদস্য হওয়া সত্ত্বেও রাজপদের রাজকীয় অফার ফিরিয়ে দিয়েছেন তিনি।
ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল দল ‘এসই ডনস’-এর অধিনায়ক ও গোলরক্ষক হিসেবে খেলছেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার কামুরাসি, যিনি ফুটবল আঙিনায় ‘বিগ জি’ নামেই পরিচিত। সদ্য প্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের চাচাতো ভাই ছিলেন তিনি। মাত্র ৩৪ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান রাজা ওয়ো। মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে যিনি বিশ্বের কনিষ্ঠতম রাজা হিসেবে খ্যাতি পেয়েছিলেন। তাঁর অকালপ্রয়াণের পর রাজকীয় উত্তরাধিকার কমিটি নতুন উত্তরসূরি হিসেবে কামুরাসিকেই প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করে। কিন্তু ব্যক্তিজীবনের স্বাধীনতা ও খেলোয়াড়ি জীবনের দায়িত্বকে প্রাধান্য দিয়ে বিনীতভাবে এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তোড়ো রাজ্যের রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো বিষয়টি নিশ্চিত করেছেন।
কামুরাসির এ সিদ্ধান্তের পর উত্তরাধিকার কমিটি প্রাক্তন টিভি উপস্থাপক প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমাকে তোড়োর নতুন রাজা হিসেবে ঘোষণা করেছে। এদিকে রাজকীয় সিংহাসন হাতছাড়া হলেও কোনো আফসোস নেই কামুরাসির। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ক্লাব এসই ডনসকে নিয়ে তিনি বিভোর এফএ কাপের মূল পর্বে খেলার স্বপ্নে। সম্প্রতি এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে তাদের দল দ্বিতীয় বাছাই পর্বে পৌঁছে গেছে, যেখানে আগামী ১৯ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে চিচেস্টার সিটির।
উল্লেখ্য, উগান্ডায় নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকায় দেশটির ঐতিহ্যবাহী রাজাদের কোনো প্রত্যক্ষ রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা থাকে না। তবে তোড়ো রাজপরিবার স্থানীয় অধিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গভীর শ্রদ্ধা ও ঐতিহ্যের প্রতীক হিসেবে সম্মানিত।