প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের শেষ ও নির্ণায়ক ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে উড়িয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এর আগে প্রথম ম্যাচ বৃষ্টির পেটে যায় ও ১১ ওভার খেলার পর দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়।

১৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম শেখ উদ্বোধনী জুটিতেই তুলে নেন ৯২ রান। সাইফ ৫৩ বলে ৬১ রান এবং নাঈম ৭৭ বলে ৬০ রানের কার্যকারী দুটি অর্ধশতক হাঁকিয়ে দলের জয়ের পথ সুগম করেন।

মাঝপথে পারভেজ ইমন (১৭), নুরুল হাসান সোহান (১৬) ও সাইফ উদ্দিন (৩) দ্রুত বিদায় নিলেও জয় পেতে সমস্যা হয়নি। শেষদিকে আফিফ হোসেন (৬*) ও রিশাদ হোসেন (৫*) মিলে বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয়ে পৌঁছে দেন। ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে টাইগার স্পিন আক্রমণের মুখে ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। 

রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলে স্বাগতিক ব্যাটাররা। মুনসামি (১), সিনেথেম্বা (৫), ম্যাথিউ (০), মিহলাই (৪) ও ডিয়ান ফরেস্টার (৬) ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন।

স্বাগতিকদের হয়ে একা হাতে লড়াই চালান মার্কুয়েস অ্যাকেরম্যান ও ইমরান মানাক। অ্যাকেরম্যানের ৫৪ এবং ইমরান মানাকের ৪৩ রানের ওপর ভর করে অলআউট হওয়ার আগে ১৮২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। কাইল সিমন্ডস করেন ১৫ রান।

বাংলাদেশের বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি ৪৫ রানে ৪টি উইকেট শিকার করেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩৫ রানে ৩টি উইকেট নেন আলিস আল ইসলাম। বাকি বোলাররা প্রত্যেকে একটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে অল্প রানে গুটিয়ে দিতে ভূমিকা রাখেন।

সূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ড