এশিয়া কাপ আর্চারি

বাংলাদেশকে তৃতীয় সোনা এনে দিলেন বন্যা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনালি সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার বন্যা আক্তার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতেন তিনি। চলতি এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং স্টেজ-২ এ এটি বাংলাদেশের তৃতীয় স্বর্ণপদক। এর আগে কম্পাউন্ড নারী দলগত ও রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। বন্যার ব্যক্তিগত সাফল্যে পদক তালিকায় আরও সমৃদ্ধ হলো লাল-সবুজের অর্জন।

ফাইনালে শুরু থেকেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম রাউন্ডে দুই আর্চারই করেন ২৮ পয়েন্ট। দ্বিতীয় রাউন্ডে ২৯ পয়েন্ট তুলে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান বন্যা। তৃতীয় রাউন্ড শেষে ৮৬-৮৫ পয়েন্টে সেই ব্যবধান ধরে রাখেন বাংলাদেশের এই আর্চার। চতুর্থ রাউন্ডে দুজনই ২৯ পয়েন্ট করে অর্জন করেন। ফলে ওই রাউন্ড শেষে বন্যার স্কোর দাঁড়ায় ১১৫, আর মিলানা বুরলেভার ১১৪। স্বর্ণপদকের নিষ্পত্তির জন্য তখন অপেক্ষা শেষ রাউন্ডের।

চূড়ান্ত রাউন্ডে স্নায়ুচাপ সামলে নিখুঁত শটের প্রদর্শনী দেখান বন্যা। তিনটি শটেই ১০ পয়েন্ট করে তুলে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করেন তিনি। জবাবে মিলানা করেন ২৯ পয়েন্ট। তাতেই ১৪৫-১৪৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের আর্চারের।

শেষ মুহূর্তের দৃঢ়তা ও নিখুঁত লক্ষ্যভেদে বন্যার এই স্বর্ণজয় বাংলাদেশের আর্চারিতে আরেকটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে যুক্ত হলো। দলগত ইভেন্টের পর ব্যক্তিগত বিভাগেও স্বর্ণ জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলেন বাংলাদেশের আর্চাররা।