অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রস্তুতি

বাংলাদেশ ও আফগানিস্তান দলের ওয়ানডে সূচি প্রকাশ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

নভেম্বরে ওমানে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি আরও ভালোভাবে ঝালিয়ে নিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিরিজকে সামনে রেখে গত দুই সপ্তাহ ধরে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে হান্নান সরকারের দল। আগামী ১০ অক্টোবর ওমানে পৌঁছানোর কথা রয়েছে যুব টাইগারদের।

ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে হবে সিরিজের সবগুলো ম্যাচ। ১৩ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। এরপর ১৮, ২০ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের বাকি তিন ম্যাচ। অর্থাৎ দশ দিনের মধ্যেই আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

আসন্ন সিরিজটি বাংলাদেশের যুব দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে একই ভেন্যু ও কন্ডিশনে, যেখানে নভেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ফলে এশিয়া কাপের আগে ওমানের পরিবেশ ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতিও যাচাই করে নেওয়ার সুযোগ পাবে যুব টাইগাররা।

 

জেএম
আরও পড়ুন