প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানকে হারিয়ে সোনা জিতেছে সাগর-আলিফদের দল। ইরাকের সুলায়মানিয়ায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। চার সেট মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২১২ পয়েন্ট ও কাজাখস্তান ২১০।
বাংলাদেশের জয়ে সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছেন আলিফ। চার সেটে তার সংগ্রহ ৭৬ পয়েন্ট। রাফি করেছেন ৭০ এবং সাগর ৬৬। শুরুতে ধাক্কা খেলেও তিন আর্চারের সম্মিলিত পারফরম্যান্সেই শেষ পর্যন্ত সোনা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫০ পয়েন্ট, কাজাখস্তান ৫৩। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাগর-আলিফরা। বাংলাদেশ ৫৫ ও কাজাখস্তান ৫৪ পয়েন্ট তোলে। তাতেই ম্যাচে সমতা ফেরে।
তৃতীয় সেটেও আধিপত্য ধরে রেখে ৫৫ পয়েন্ট তোলে বাংলাদেশ। কাজাখস্তান করে ৫২। আলিফ ২০ ও রাফি ১৯ পয়েন্ট করে এই সেটে দলের স্কোর বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ সেটে দুই দলই চাপের মধ্যে ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫২-৫১ পয়েন্টে জিতে ৬-২ ব্যবধানে ম্যাচটা নিজেদের করে নেয়।
ব্যক্তিগত স্কোরে আলিফ ছিলেন বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক আর্চার। প্রথম তিন সেটে তার স্কোর ছিল যথাক্রমে ১৯, ২০ ও ২০ পয়েন্ট। শেষ সেটে ১৭ পয়েন্ট তোলেন তিনি। রাফি প্রথম সেটে ১৭, দ্বিতীয় সেটে ১৬, তৃতীয় সেটে ১৯ ও শেষ সেটে ১৮ পয়েন্ট তোলেন। সাগর প্রথম সেটে ১৪ পয়েন্ট তুললেও পরের তিন সেটে করেন যথাক্রমে ১৯, ১৬ ও ১৭ পয়েন্ট।
পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে প্রথম রাউন্ডে বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। শেষ চারে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন সাগর-আলিফরা। অন্যদিকে কাজাখস্তান সেমিফাইনালে স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এই ইভেন্টে কাজাখস্তান রুপা জিতেছে। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানকে হারিয়ে তৃতীয় হয় ইরাক।
এশিয়া কাপ ও বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা। এর আগে বুধবার নারী কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছিলেন বাংলাদেশের মেয়েরা।
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ
চার বছরে ২ কোটি ৪০ লাখ 'কৃষক কার্ড' দেবে সরকার
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী