বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩৬ বছর বয়সে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম-৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর বুথে তিনি তাঁর ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। এটি এক অন্যরকম অনুভূতি। অত্যন্ত নির্বিঘ্ন ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমি আমার পছন্দের প্রার্থীকে একটি ভোট দিয়েছি।’
তামিম ইকবাল কেন্দ্রে পৌঁছালে সেখানে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা তাকে প্রটোকল প্রদান করেন। এই তারকা ক্রিকেটারকে কাছে পেয়ে স্থানীয় ভোটার ও তরুণ ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। অনেকেই প্রিয় তারকার সঙ্গে ছবি তুলতে ভিড় জমান।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তামিম বলেন, ‘ভোটের পরিবেশ খুবই সুস্থ ও স্বাভাবিক। আমি আশা করি, সবাই নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে নিজের ভোট দিতে পারবেন।’
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোতোয়ালী, চান্দগাঁও ও ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।
উল্লেখ্য, এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান ও জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকসহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।