'এ বছর বিপিএল নাও হতে পারে'

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজনের আগে টুর্নামেন্টটিকে আরও গোছানো ও গ্রহণযোগ্য করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার কথায়, প্রয়োজনীয় প্রস্তুতি ও মান নিশ্চিত করা না গেলে এ বছর টুর্নামেন্টটি নাও হতে পারে।

দেশের সংবাদমাধ্যম সমকালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিপিএল নিয়ে তামিম বলেন, এ বছর টুর্নামেন্টটি নাও হতে পারে। তবে এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানই বিস্তারিত বলতে পারবেন বলে জানান তিনি।

বিপিএল পুরোপুরি বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, তার ব্যক্তিগত ইচ্ছা হলো বিপিএলকে আরও গোছানোভাবে আয়োজন করা। যেখানে আলোচনার মূল বিষয় হবে ক্রিকেট, ম্যাচের ফলাফল ও পারফরম্যান্স; টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর যেন সামনে না আসে।

তামিমের মতে, বিপিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হলেও এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তাই টুর্নামেন্টটির ভাবমূর্তি রক্ষা করা বিসিবির দায়িত্ব।

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছর বিপিএল না হলে নেতিবাচক প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে তামিম বলেন, চলতি বছর আয়োজন করা সম্ভব না হলেও ২০২৭ সালে ভালোভাবে বিপিএল আয়োজন করা যাবে। পাশাপাশি দেশের অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তার মতে, সামগ্রিকভাবে পরিস্থিতি ভালোই হয়েছে। বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়েছে এবং তৃতীয় বিভাগও অনুষ্ঠিত হয়েছে। নতুন মৌসুমও শিগগির শুরু হবে।

তবে দ্বিতীয় বিভাগে কয়েকটি দল অংশ না নেওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের আর্থিক সহায়তার বিষয়টি রয়েছে। আলোচনা করে সেটিও সমাধান করার আশ্বাস দেন তামিম।

সূত্র: সমকাল

AM
আরও পড়ুন