ভারতের কাছে হারের কারণ জানালেন সালমান আগা

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। কলম্বোর মাঠে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন না হওয়াকেই পরাজয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। কন্ডিশন বিবেচনায় চার স্পিনার নিয়ে একাদশ সাজালেও সেই কৌশল বুমেরাং হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য। ভারতীয় ওপেনার ঈশান কিষানের বিধ্বংসী হাফসেঞ্চুরিতে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি স্পিন আক্রমণ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৫ রানের শক্তিশালী সংগ্রহ দাঁড় করায় ভারত।

পাকিস্তানের বোলারদের মধ্যে আবরার আহমেদ ৩ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। অভিজ্ঞ শাদাব খান মাত্র এক ওভার বোলিং করে ১৭ রান খরচ করেন। 

ম্যাচ শেষে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আগা বলেন, ‘আমরা চার স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা করেছিলাম, কিন্তু দিনটি তাদের ছিল না। আমাদের এক্সিকিউশনে বড় ধরনের ঘাটতি ছিল।’

১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১৮ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় তারা। পাওয়ারপ্লেতে দ্রুত উইকেট হারানোই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মূল কারণ বলে মনে করেন অধিনায়ক। 

তিনি বলেন, ‘পাওয়ারপ্লেতে ৩-৪ উইকেট হারিয়ে ফেললে ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে। উইকেট কিছুটা ধীরগতির থাকলেও আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’

ভারতের বিপক্ষে ম্যাচে আবেগের বাড়তি চাপ থাকে স্বীকার করে সালমান আগা আরও বলেন, ‘এ ধরনের ম্যাচে আবেগ থাকবেই, তবে আমাদের তা সামলাতে শিখতে হবে। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে।’

সুপার এইটের সমীকরণে টিকে থাকতে বুধবার নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচটি এখন ‘ডু অর ডাই’ হিসেবে দাঁড়িয়েছে। অধিনায়ক আশাবাদী যে, সেই ম্যাচে জয় তুলে নিয়ে তারা টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে পারবেন।