নেপালকে উড়িয়ে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডকে হারানোর পর এবার নেপালকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল ক্যারিবিয়ানরা। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ৯ উইকেটে পরাজিত করে তারা।

ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে জেসন হোল্ডারের তোপের মুখে পড়ে নেপাল। মাত্র ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে ষষ্ঠ উইকেটে দীপেন্দ্র সিং আইরি ও সোমপাল কামির ৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেপালিরা। দীপেন্দ্র সিং ৪৭ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন। সোমপাল করেন ২৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে নেপাল।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ৪ ওভারে ২৭ রান খরচায় ৪টি উইকেট শিকার করে ম্যাচসেরা হন।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে-তেই ব্র্যান্ডন কিংকে (২২) হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি শাই হোপ ও শিমরন হেটমায়ার। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৯১ রানের জুটিতে ১৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। শাই হোপ ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন এবং হেটমায়ার ৪৬ রানে অপরাজিত ছিলেন। ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দুই ক্যারিবিয়ান ব্যাটার।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ওমানের পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল নেপাল।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত