হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, কনোলির ফিফটি

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে লড়াকু ইনিংস খেলেছে বাংলাদেশ। তবে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে লড়ছে অস্ট্রেলিয়া। 

কুপার কনোলির ফিফটিতে ভর করে ৩ উইকেটে ১০০ রানের গণ্ডি পার করেছে সফরকারীরা। যদিও এখনও পাড়ি দিতে হবে বহু পথ। টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই তাদের।

এমন ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তবে পঞ্চম ওভারে আক্রমণে এসে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন নাহিদ রানার বদলে একাদশে ফেরা শরিফুল ইসলাম।

সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছিল বাংলাদেশ। আজ প্রথম ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলে অজিরা। এরপর পঞ্চম ওভারে এসে প্রথমে অজি অধিনায়ক জস ইংলিস ও পরে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন শরিফুল। ১২ বলে ২১ রান করেন ইংলিস। আর রেনশ রানের খাতাই খুলতে পারেননি।

এরপর তাসকিন আহমেদ তুলে নেন অ্যালেক্স ক্যারেকে। সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ রান করেন ক্যারে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৬২ রান।

এর আগে তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৭৪ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান করেন তাওহীদ হৃদয়। এছাড়া লিটন ৫৮ ও মোসাদ্দেক করেন ৫৫ রান।