২০১৮ সালের আলোচিত বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তাঁর মতে, বলের স্বাভাবিক ক্ষয় আর স্যান্ডপেপার দিয়ে ঘষে তৈরি করা দাগের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। অভিজ্ঞ কোনো বোলারের পক্ষে এমন পরিবর্তন বুঝতে না পারার কথা নয়।
শনিবার (১৪ নভেম্বর) মেলবোর্ন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের অবস্থান তুলে ধরেন ওয়াসিম। তিনি বলেন, একজন বোলার বল হাতে নিলেই বুঝতে পারবেন সেটির সঙ্গে অস্বাভাবিক কিছু করা হয়েছে কি না।
ওয়াসিমের ভাষায়, পঞ্চম ওভার হোক কিংবা দশম বা পঞ্চাশতম ওভার-একজন বোলার সব সময় বলের অবস্থা খেয়াল করেন। বলের এক পাশ চকচকে রাখার চেষ্টা করেন। কিন্তু স্যান্ডপেপার দিয়ে ঘষার ফলে যে দাগ তৈরি হয়, তা মাটিতে একবার পড়ার কারণে সৃষ্ট দাগের চেয়ে সম্পূর্ণ আলাদা।
বিষয়টি বোঝাতে তিনি বলেন, কেউ চাইলে একটি প্রায় নতুন বল নিয়ে তাতে স্যান্ডপেপার ঘষে দেখতে পারেন। তাহলেই দুই ধরনের দাগের পার্থক্য পরিষ্কার হয়ে যাবে।
তবে কামিন্সের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তাঁকে নিজের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে ওয়াসিম বলেন, তিনি কোনো পক্ষ নিচ্ছেন না। বরং একজন অভিজ্ঞ বোলার হিসেবে নিজের পর্যবেক্ষণ তুলে ধরছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ২০১৮ সালের সেই ঘটনা। বইটিতে খাজা দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকা সফরের সময় বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের ড্রেসিংরুমে অনেকেই জানতেন। এমনকি বোলিং বিভাগের সদস্যদের মধ্যেও বিষয়টি জানাজানি ছিল বলে তাঁর অভিযোগ।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিউল্যান্ডস টেস্টে ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে দেখা যায়। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ার পর তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যানক্রফটকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া পরবর্তী সময়ে দলের সংস্কৃতি নিয়েও পর্যালোচনা করে।
তবে শুক্রবার সিডনিতে সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন কামিন্স। তাঁর ভাষায়, এসব অভিযোগ ‘শতভাগ ভুল’ এবং সম্পূর্ণ ভিত্তিহীন। মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলেও দাবি করেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক।
ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছিলেন খাজা-এমন তথ্য জেনেও তিনি বিস্মিত হয়েছেন বলে জানান কামিন্স।
ওয়াসিম আকরামের মতে, এই ঘটনা অস্ট্রেলিয়ার সততা ও খেলোয়াড়সুলভ আচরণের সুনাম নিয়েও প্রশ্ন তুলেছে। তিনি আশা প্রকাশ করেন, বিতর্কটির দ্রুত সমাধান হবে।
এদিকে নতুন অভিযোগ সামনে এলেও ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের তদন্ত আবার শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে আট বছর পরও সেই ঘটনা নিয়ে নতুন বিতর্ক অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি ও খেলোয়াড়দের বক্তব্যের বিশ্বাসযোগ্যতাকে আলোচনায় রেখেছে।