পুরুষদের মতো নারী ক্রিকেটেও গ্যালারি ভরার স্বপ্ন ফাতিমার

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

পুরুষ ক্রিকেটারদের মতো নারী ক্রিকেটারদের খেলা দেখতেও গ্যালারিতে উপচে পড়ুক দর্শক-এমন স্বপ্ন দেখেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা। তাঁর প্রত্যাশা, একদিন পাকিস্তানের নারী ক্রিকেট দলও পুরুষ দলের মতো সমান জনপ্রিয়তা ও দর্শকদের ভালোবাসা পাবে।

অস্ট্রেলিয়ায় চলমান নারী বিগ ব্যাশ লিগের সময় ক্রিকেটবিষয়ক ইউটিউব চ্যানেল ক্রিকব্লগ টিভির এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে নিজের এই প্রত্যাশার কথা জানান ফাতিমা। পুরুষ ও নারী ক্রিকেট দল একসময় সমান জনপ্রিয়তার পর্যায়ে পৌঁছাতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই দিনটি দেখতে চান তিনি।

ফাতিমার মতে, বিশ্বজুড়েই পুরুষ ও নারী ক্রিকেট এগিয়ে যাচ্ছে। পাকিস্তানেও দুই ধরনের ক্রিকেটের সমান উন্নতি হওয়া উচিত। তিনি বলেন, ‘খেলাধুলা অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটি পুরুষদের জন্য হোক কিংবা নারীদের জন্য। আমি চাই, দুই দলই একই পর্যায়ে পৌঁছাক। পুরুষেরা যখন মাঠে খেলেন, তাঁদের উৎসাহ দিতে যেভাবে দর্শকেরা গ্যালারিতে আসেন, নারীদের খেলাতেও যেন তেমনটি ঘটে।’

পাকিস্তানের যত বেশি সম্ভব মেয়ের আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার সুযোগ পাওয়া উচিত বলেও মনে করেন এই অধিনায়ক। তাঁর বিশ্বাস, মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ পেলে দেশটিতে নারী ক্রিকেটের বিকাশ আরও ত্বরান্বিত হবে।

২০২৮ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাতে যাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন ফাতিমা। তাঁর মতে, দেশে বিশ্বকাপ আয়োজন হলে আরও বেশি মেয়ে ক্রিকেটে আগ্রহী হবে। একই সঙ্গে মেয়েদের খেলাধুলায় অংশ নিতে অভিভাবকেরাও উৎসাহিত হবেন।

অস্ট্রেলিয়ার নারী টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে খেলতে গিয়ে সতীর্থদের কাছ থেকেও অনেক কিছু শিখছেন ফাতিমা। বিশেষ করে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার বেথ মুনি এবং নিউজিল্যান্ডের ক্রিকেট ও হকি তারকা সোফি ডিভাইনের সহযোগিতার প্রশংসা করেছেন তিনি। তাঁদের কাছ থেকে নিজের খেলার মান উন্নত করতে সহায়তা পাচ্ছেন বলে জানান পাকিস্তানি এই ক্রিকেটার।

ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার এবং মিডল অর্ডার ব্যাটার ফাতিমা সানার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৯ সালে। এরপর থেকেই পাকিস্তানের অন্যতম সফল অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এখন পর্যন্ত সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের হয়ে ১৩০টিরও বেশি ম্যাচ খেলেছেন।

চলতি বছরের শুরুতে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ফাতিমা। জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৫ বলে অর্ধশত রান পূর্ণ করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

এটিটিআর
আরও পড়ুন