জোতার স্বরণে বিশেষ রিস্টব্যান্ড পরে অনুশীলনে পর্তুগাল

মায়ামির প্রখর রোদ আর বিশ্বকাপ প্রস্তুতির ব্যস্ততার মাঝেও পর্তুগাল শিবিরে ছিল আবেগঘন এক পরিবেশ। উত্তর আমেরিকায় বিশ্বকাপ অভিযান শুরুর আগে ক্রিস্টিয়ানো রোনালদোসহ পুরো দলের হাতে দেখা গেছে বিশেষ একটি রিস্টব্যান্ড। প্রয়াত সতীর্থ দিয়েগো জোতার স্মৃতিকে সম্মান জানাতেই এই উদ্যোগ।

গত বছর সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যু হয় লিভারপুল ও পর্তুগালের সাবেক ফরোয়ার্ড দিয়েগো জোতার। জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করা এই তারকা মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমেও ছিলেন অত্যন্ত জনপ্রিয় এক মুখ। পর্তুগালের সাম্প্রতিক সাফল্যগুলোতেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

আগামী ১৭ জুন ‘কে’ গ্রুপে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। তার আগে প্রিয় সতীর্থের স্মৃতিকে সঙ্গে নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।

বিশেষ এই রিস্টব্যান্ডগুলো খেলোয়াড়দের হাতে তুলে দেন জোতার পরিবারের ঘনিষ্ঠ প্রতিনিধি মন্তেনেগ্রো। পুরো দলের সঙ্গে এক আবেগঘন অনুষ্ঠানে তিনি এই স্মারক উপহার প্রদান করেন।

প্যারিস সেইন্ট-জার্মেইয়ের মিডফিল্ডার ভিতিনিয়া জানিয়েছেন, ব্যান্ডগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ফিফার সব নিয়ম মেনেই খেলোয়াড়রা ম্যাচ চলাকালে তা পরতে পারেন। ফলে বিশ্বকাপের ম্যাচগুলোতেও জোতার স্মৃতি বহন করতে কোনো বাধা থাকবে না।

রিস্টব্যান্ডে বর্তমান পর্তুগাল দলের খেলোয়াড়দের নামের পাশাপাশি বিশেষভাবে যুক্ত করা হয়েছে দিয়েগো জোতার নাম। খেলোয়াড়রা কখন এবং কীভাবে এটি ব্যবহার করবেন, সেই সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছিল। তবে পর্তুগাল দলের সদস্যরা সম্মিলিতভাবেই পুরো বিশ্বকাপ জুড়ে এটি পরিধানের সিদ্ধান্ত নিয়েছেন।