এই বিশ্বকাপেই নিজেকে প্রমাণ করবে ভিনি: রবার্তো কার্লোস

রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য দুঃস্বপ্ন। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে চাপালেই যেন বদলে যায় দৃশ্যপট। ক্লাব ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখালেও জাতীয় দলের হয়ে এখনও প্রত্যাশার পুরোটা পূরণ করতে পারেননি ভিনিসিউস জুনিয়র। ফলে সমালোচনার তীরও প্রায়ই ছুটে আসে তার দিকে।

তবে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার ও বিশ্বকাপজয়ী তারকা রবের্তো কার্লোসের বিশ্বাস, চলমান বিশ্বকাপই হতে যাচ্ছে ভিনিসিউসের নিজেকে প্রমাণ করার মঞ্চ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্লোস বলেন, ভিনিসিউসকে সমালোচনা এবং প্রশংসা, দুটোর সঙ্গেই বসবাস করতে শিখতে হবে। কারণ তিনি বিশ্বের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিনিধিত্ব করছেন।

মাত্র ২৫ বছর বয়সেই ব্রাজিলের শিরোপা প্রত্যাশার বড় অংশ এসে পড়েছে ভিনির কাঁধে। তবে এই চাপকে বোঝা নয়, বরং বিশেষ সম্মান হিসেবেই দেখা উচিত বলে মনে করেন কার্লোস।

তার ভাষায়, ভিনিসিউসকে বুঝতে হবে যে সে এখন দলের অন্যতম নেতা। দায়িত্ব কিংবা সমালোচনা, কোনো কিছু থেকেই তার দূরে সরে যাওয়ার সুযোগ নেই। বরং এগুলো গ্রহণ করেই তাকে সামনে এগোতে হবে।

বিশ্বকাপের শুরুটাও একেবারে খারাপ হয়নি ভিনির। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে দলের একমাত্র গোলটি আসে তার পা থেকেই। তবে সেই ঝলকের পরও সমর্থকরা এখনও অপেক্ষা করছেন তার কাছ থেকে আরও প্রভাব বিস্তারকারী পারফরম্যান্স দেখার।

কার্লোস অবশ্য এ বিষয়ে একটুও সন্দিহান নন। তিনি বলেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত, এই বিশ্বকাপেই ভিনিসিউস দেখিয়ে দেবে সে আসলে কে। বল পায়ে তার যে সামর্থ্য, তা সবাই আবারও দেখতে পাবে।’

সাবেক এই ব্রাজিলিয়ান তারকা আরও জানান, ভিনিসিউসের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। তার মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আত্মবিশ্বাসে ভরপুর এবং বিশ্বকাপে বড় কিছু করার জন্য দারুণ উজ্জীবিত।

কার্লোস বলেন, ‘আমি নিয়মিত তার সঙ্গে কথা বলি। সে খুবই রোমাঞ্চিত এবং আত্মবিশ্বাসী। ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্নে সবচেয়ে বড় ভরসাগুলোর একটি সে। আমি তার জন্য শুভকামনা জানাই।’

বিশ্বকাপের পথ এখনও দীর্ঘ। তবে ব্রাজিল যদি কাঙ্ক্ষিত ষষ্ঠ শিরোপার দেখা পেতে চায়, তাহলে ভিনিসিউস জুনিয়রের সেরা সংস্করণটিকেই হয়তো দেখতে হবে ফুটবল বিশ্বকে।