মাঠের পর সম্পর্কেও লাল কার্ড খেলেন ভিনিসিয়ুস!

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার এক দিনের মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদন অনুযায়ী, বান্ধবী ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন এই ফরোয়ার্ড।

লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও ম্যাচটি ভিনিসিয়ুসের জন্য সুখকর ছিল না। সাম্প্রতিক সময়ে ছন্দহীনতার কারণে তাকে প্রথম একাদশে রাখেননি কোচ জোসে মরিনিও। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামলেও বিতর্কিত একটি গোল বাতিলের ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। এর জেরে ম্যাচের ৭৩তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

লাল কার্ডের কারণে চলতি মাসের বহুল আলোচিত এল ক্লাসিকোতে খেলা হচ্ছে না এই ব্রাজিলিয়ান তারকার। মাঠের হতাশার মধ্যেই এবার ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কার মুখে পড়লেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস ও ভার্জিনিয়ার বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিশ্চিত করে ভার্জিনিয়ার প্রেস অফিস। দেওয়া বিবৃতিতে জানানো হয়, দুজনের মধ্যে কোনো বিরোধ বা ঝগড়া হয়নি। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৬ সালে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের পথে হাঁটলেন এই জুটি। এর আগে একই বছরের মে মাসেও তাদের সম্পর্ক ভাঙার খবর সামনে এসেছিল। তবে জুনে আবারও একসঙ্গে দেখা যায় তাদের। পরবর্তী সময়ে সেপ্টেম্বরে বাগ্‌দানের আংটি দেখিয়ে ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দেন তারা।

যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ভিনিসিয়ুসকে ছাড়াই ভার্জিনিয়ার মিয়ামি সফরকে কেন্দ্র করে বিচ্ছেদের জল্পনা জোরালো হয়। তবে তখন ভার্জিনিয়ার প্রতিনিধিরা জানিয়েছিলেন, সন্তানরা যেন তাদের বাবা জে ফেলিপের সঙ্গে সময় কাটাতে পারে, সে উদ্দেশ্যেই ওই সফরের আয়োজন করা হয়েছিল।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত