অনুশীলনে ফিরলেন নেইমার

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ড্র করে হেক্সা মিশনে হোঁচট খেয়েছে সেলেসাওরা। তবে হতাশার মাঝেও শিবিরে ফিরেছে স্বস্তির খবর। দীর্ঘ চোট কাটিয়ে অবশেষে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র।

মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের বাইরে ব্রাজিল দলের বেস ক্যাম্পে প্রথমবারের মতো বল পায়ে দেখা গেছে নেইমারকে। প্রায় এক মাস আগে চোটে পড়ার পর এটিই ছিল তার প্রথম মাঠে ফেরা। যদিও সমর্থকদের জন্য এখনও পুরোপুরি সুখবর নয়। ম্যাচ ফিটনেসে ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন দলের চিকিৎসকরা।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা করে নেন। গত সপ্তাহে তার শারীরিক অবস্থার মূল্যায়নে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ফল সন্তোষজনক হওয়ায় ব্যক্তিগত অনুশীলনে ফিরতে অনুমতি দেওয়া হয় তাকে।

তবে এখনও দলের মূল অনুশীলনে যোগ দেওয়ার মতো অবস্থায় নেই ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। আপাতত হালকা দৌড়, ফিটনেস ড্রিল ও শারীরিক কন্ডিশনিং নিয়েই কাজ করছেন তিনি। ব্রাজিলের মেডিকেল টিমও তার পুনরুদ্ধার প্রক্রিয়ায় কোনো তাড়াহুড়া করতে চায় না।

আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু সেই ম্যাচে নেইমারকে মাঠে দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ।

দলীয় সূত্র বলছে, হাইতির বিপক্ষে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন আনচেলত্তি। বরং পরবর্তী পর্বগুলোর জন্য শতভাগ ফিট নেইমারকে প্রস্তুত রাখাই তার মূল লক্ষ্য। তাই ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

সবশেষ ২০২৩ সালে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পড়েন তিনি। এসিএল ও মেনিসকাসের জটিল ইনজুরি কাটিয়ে দীর্ঘ পুনর্বাসনের পর অবশেষে আবারও জাতীয় দলের দুয়ারে দাঁড়িয়ে আছেন ব্রাজিলের পোস্টার বয়।