বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের জন্য মার্কিন ভিসার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ। ছেলের ঐতিহাসিক ম্যাচটি ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে সরাসরি দেখতে না পারায় বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া, যার প্রকৃত নাম জোসিমার দিয়াস, বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। তবে ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে তিনি জানান, তার মা আনা ক্যান্ডিদা এভোরা ভিসা ও আর্থিক জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি।
এ ঘটনার পর মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোনো মায়েরই উচিত নয় নিজের সন্তানকে ইতিহাস গড়তে দেখা থেকে বঞ্চিত হওয়া।’ তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভোজিনিয়ার মাকে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে কেপ ভার্দেসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে উচ্চমূল্যের ভিসা বন্ডের বিধান চালু করা হয়েছিল। পরে বিশ্বকাপ টিকিটধারীদের জন্য সেই শর্ত শিথিল করা হলেও ততদিনে ভোজিনিয়ার মায়ের পক্ষে যাত্রার পরিকল্পনা করা সম্ভব হয়নি।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, খেলোয়াড়দের স্বজনদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে এবং তারা ইতোমধ্যে ভোজিনিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কর্মকর্তাদের ভাষ্য, প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত।
স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্রয়ের পর বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। তবে নিজের জীবনের অন্যতম সেরা মুহূর্তে মাকে পাশে না পাওয়ার আক্ষেপই ম্যাচ শেষে তার চোখে জল এনে দিয়েছিল। সূত্র: আলজাজিরা
কালো মুখোশের রহস্য জানালেন জিদানপুত্র
রেকর্ডবুকে নতুন গল্প লিখলেন মেসি
জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার