বিশ্বকাপের ‘সি’ গ্রুপে এখনো কোনো দলেরই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি। আগেই বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। বাকি তিন দল ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড শেষ ম্যাচ পর্যন্ত নকআউটের লড়াইয়ে আছে।
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। নিউ জার্সিতে হতাশা কাটিয়ে ফিলাডেলফিয়ায় হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে দলটি। এতে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় (২৫ জুন) ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচেই ঠিক হবে তাদের শেষ ষোলোয় ওঠা নিশ্চিত হবে কি না। সমীকরণ অনুযায়ী, স্কটল্যান্ডের সঙ্গে শুধু ড্র করলেই নকআউট নিশ্চিত করবে ব্রাজিল।
একই সময়ে মাঠে নামবে মরক্কো ও হাইতি। গ্রুপের শীর্ষস্থান নির্ধারণও হবে এই ম্যাচের ফলের ওপর। পয়েন্ট সমান হলে হেড-টু-হেড, গোল পার্থক্য এবং গোল সংখ্যার ভিত্তিতে অবস্থান নির্ধারণ করা হবে।
ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও সুযোগ থাকবে নকআউটে যাওয়ার, যদি মরক্কোও হোঁচট খায় এবং গোল ব্যবধানে পিছিয়ে পড়ে। আবার মরক্কো যদি অন্তত ড্র করে, তাহলে সেরা তৃতীয় দল হিসেবেও পরের রাউন্ডে যেতে পারে ব্রাজিল।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই হবে এবং একই সঙ্গে মরক্কোর ফলও নিজেদের পক্ষে যেতে হবে। দুই দলই যদি সমান ফল করে, তাহলে গোল ব্যবধানের হিসাবেই শীর্ষস্থান নির্ধারণ হবে।
এই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে, যেখানে আছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া। রানার্সআপ দল মুখোমুখি হবে এফ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে। আর তৃতীয় দলগুলোর ভাগ্য নির্ভর করবে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।