কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:৪১ এএম

ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে দক্ষিণ আমেরিকার দলটিকে।

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় কলম্বিয়া। তবে ডিআর কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত নৈপুণ্যে বারবার ব্যর্থ হয় তারা। প্রথমার্ধেই ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে গোল হজমের হাত থেকে রক্ষা করেন তিনি।

অষ্টম মিনিটে দানিয়েল মুনিওজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপরও আক্রমণের ধার অব্যাহত রাখে কলম্বিয়া। কিন্তু এমপাসির দৃঢ়তায় প্রথমার্ধে গোলশূন্য সমতায় শেষ হয় খেলা।

বিরতির পরও আধিপত্য ধরে রাখে কলম্বিয়া। ফরোয়ার্ড লুইস দিয়াজ দুই মিনিটের ব্যবধানে দুবার বল জালে জড়ালেও একবার ফাউল এবং আরেকবার অফসাইডের কারণে দুটি গোলই বাতিল হয়ে যায়।

তবে শেষ পর্যন্ত ৭৬তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। দানিয়েল মুনিওজের নিচু শটে বল জড়িয়ে যায় ডিআর কঙ্গোর জালে। কাছের পোস্ট দিয়ে ঢুকে যাওয়া সেই শটে কোনো সুযোগ পাননি এমপাসি।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। এই জয়ে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও পরাজয় এড়াতে পারেনি ডিআর কঙ্গো।

AM/SN
আরও পড়ুন