রাউন্ড অব ৩২ ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সুইডেন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২–এ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সুইডেন। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে –এর দুর্দান্ত ফর্মে ভর করে গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে ফ্রান্স। সেনেগাল, ইরাক ও নরওয়ের বিপক্ষে তিন ম্যাচে জয় পায় তারা। এই সময়ে এমবাপে ও ডেম্বেলে চারটি করে গোল করেন, আর মিডফিল্ডার মাইকেল ওলিসে তিনটি অ্যাসিস্ট করেন।

অন্যদিকে, সুইডেন তুলনামূলকভাবে অনিশ্চিত পারফরম্যান্সে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। গ্রুপ এফে তারা টিউনিশিয়াকে ৫-১ গোলে হারালেও নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে হারে এবং জাপানের সঙ্গে ১-১ ড্র করে। আক্রমণে আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিয়োকেরেস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ দলকে সতর্ক থাকতে বলেছেন, কারণ সুইডেন চাপমুক্ত হয়ে খেলবে বলে মনে করছেন তিনি। সুইডেন কোচ গ্রাহাম পটার  জানিয়েছেন, শক্তিশালী ফ্রান্সকে হারাতে প্রায় নিখুঁত পারফরম্যান্স দরকার হবে।

চোটের কারণে ফ্রান্সের মার্কাস থুরাম অনুপস্থিত এবং এন’গোলো কান্তে অনিশ্চিত। তবে রক্ষণভাগে উইলিয়াম সালিবা ফিরতে পারেন। সুইডেনের হয়ে ইসাক হিয়েন খেলতে পারবেন না।

পরিসংখ্যান অনুযায়ী ফ্রান্সের জয়ের সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ, যেখানে সুইডেনের সম্ভাবনা ১০ শতাংশেরও কম। এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে প্যারাগুয়ের মুখোমুখি হবে, যারা ইতিমধ্যে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে চমক সৃষ্টি করেছে।