হারের দায় নিজের কাঁধে নিলেন মোরিয়াসু

হেরে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম

জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু ব্রাজিলের কাছে নাটকীয় পরাজয়ের পর সমর্থকদের কাছে মাথা নত করে ক্ষমা চেয়েছেন। ম্যাচ শেষে তিনি হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিয়ে সমর্থক ও খেলোয়াড়দের উদ্দেশে আবেগঘন বার্তা দেন।

ম্যাচ শেষ হওয়ার পর মোরিয়াসু মাঠে খেলোয়াড়দের একত্র করেন। এরপর সবার সামনে মাথা নত করে জাপানের জনগণ ও সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, এই জয় দেশের মানুষকে উপহার দিতে না পারায় তিনি গভীরভাবে দুঃখিত। একজন প্রধান কোচ হিসেবে এই পরাজয়ের দায় নিজের বলেই মনে করেন এবং সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চান।

একই সঙ্গে হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে সমর্থন জানানো অসংখ্য জাপানি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোরিয়াসু। তিনি বলেন, শুধু স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাই নন, জাপানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গভীর রাত জেগে টেলিভিশন কিংবা ইন্টারনেটের মাধ্যমে খেলা দেখা এবং দলের জন্য শুভকামনা জানানো সব সমর্থকের প্রতিও তিনি কৃতজ্ঞ।

বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, বক্তব্য শেষ করার পর মোরিয়াসু খেলোয়াড়দের সামনে মাথা নত করেন। তার এই আচরণের জবাবে খেলোয়াড়রা করতালির মাধ্যমে কোচকে সম্মান জানান। ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে তিনি জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন।

পরাজয়ের হতাশা থাকলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকার আহ্বান জানান মোরিয়াসু। তিনি বলেন, এখানেই বিশ্বকাপ যাত্রার সমাপ্তি হওয়া অত্যন্ত হতাশাজনক। তবে এই ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে। বিশ্বকাপে পৌঁছানোর পুরো পথচলায় তারা নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করেছে। কোচিং স্টাফ ও সাপোর্ট টিমও সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। তাদের যা করার ছিল, তারা সবই করেছেন। এখন হতাশা থাকলেও এই অভিজ্ঞতাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান তারা।

উল্লেখ্য, জাপান এখন পর্যন্ত আটটি বিশ্বকাপে অংশ নিয়েছে। এর মধ্যে চারবার শেষ ষোলোতে উঠে সেটিই দেশটির বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য।

Attr/AHA
আরও পড়ুন