‘সবাই সহজ ম্যাচ ভেবেছিল, আমরা জানতাম বাস্তবতা ভিন্ন’

কেপ ভার্দের বিপক্ষে কঠিন পরীক্ষায় উতরে শেষ ষোলো নিশ্চিত করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, বাইরে থেকে ম্যাচটিকে যতটা সহজ মনে করা হয়েছিল, বাস্তবে তা ছিল সম্পূর্ণ উল্টো।

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পেয়ে পরের রাউন্ডে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ লড়াই উপহার দিয়ে আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে।

শুক্রবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, যারা ড্রয়ের পর আর্জেন্টিনার জন্য সহজ প্রতিপক্ষের কথা বলেছিলেন, এই ম্যাচ তাদের জন্যই জবাব। তার ভাষায়, ‘এটা তাদের জন্য জবাব, যারা বলেছিল ড্র-তে আমরা সহজ প্রতিপক্ষ পেয়েছি। অবশ্যই জয় এবং পরের রাউন্ডে যাওয়া আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ম্যাচটি ছিল অত্যন্ত কঠিন।’

কাগজে-কলমে স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামলেও মাঠের খেলায় সেই সুবিধা খুব একটা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। দুইবার পিছিয়ে না পড়ে সমতায় ফিরেছিল কেপ ভার্দে, যার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত নাটকীয় এক আত্মঘাতী গোলই আর্জেন্টিনার জয় নিশ্চিত করে।

১২০ মিনিটের দীর্ঘ লড়াইয়ে ফুটবলারদের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি জানান, ম্যাচ শেষে অনেক খেলোয়াড়ই চরম ক্লান্ত হয়ে পড়েছিলেন। ‘ম্যাচ শেষে ছেলেরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। আমাদের উন্নতির আরও জায়গা আছে, তবে দল আজ দারুণ সহনশীলতা দেখিয়েছে। অতিরিক্ত সময়ের কারণে অনেক বেশি মিনিট খেলতে হয়েছে, কারও কারও পায়ে ক্র্যাম্প ধরেছিল। কিন্তু তারা যখন মন থেকে খেলে, তখন যেকোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে। দল আজ তাদের চরিত্র ও যোগ্যতা প্রমাণ করেছে।’

ম্যাচের শেষদিকে কেপ ভার্দের লেফট ব্যাক সিডনি লোপেস ক্যাব্রালের দারুণ বাঁকানো শট আর্জেন্টিনার রক্ষণে বড় চাপ তৈরি করেছিল। সেই মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি বলেন, ‘আমি শুধু চাচ্ছিলাম ম্যাচটি যেন শেষ হয়। আপনারা দেখেছেন ওরা কী অবিশ্বাস্য একটা গোল করেছে। আমি সবসময়ই সতর্ক থাকি। তবে বাইরে থেকে যতটা দেখাচ্ছিল, আমি ভেতরে তার চেয়ে শান্ত ছিলাম। সবাই ভেবেছিল এটা খুব সহজ জয় হবে, কিন্তু আমরা জানতাম এমন হবে না।’

ফেবারিট দলের তকমা অতিরিক্ত চাপ তৈরি করেছিল কি না-এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘না, একদমই না। এই দলের সবচেয়ে ভালো দিক হলো, এরা কখনো দমে যায় না; শুধু এগিয়েই যায়। ছেলেরা নিজেদের সবটুকু উজাড় করে আক্রমণ চালিয়ে গেছে। মাঠের কন্ডিশনও কিছুটা অদ্ভুত ছিল, বল ঠিকঠাক আসছিল না, যা আমাদের চেনা ছন্দের জন্য মোটেও আদর্শ ছিল না। তবে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি।’

আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, ‘আর্জেন্টাইন হওয়ার মানে কী? কষ্ট সহ্য করা! কেপ ভার্দে আজ তাদের ২০০ শতাংশ উজাড় করে দিয়েছিল, আর ফুটবলে এটাই ব্যবধান ঘুচিয়ে দেয়। সমর্থকরাই সবার আগে বোঝে যে এটা আর্জেন্টিনা, আর আমাদের জন্য কোনো কিছুই সহজে পাওয়ার নয়। এই জার্সির একটা আলাদা ঐতিহ্য আছে। আমরা সামনে এগিয়ে যাব এবং এই কঠিন পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করে তুলল।’