নরওয়ের বিপক্ষে কি নেইমার খেলবেন, যা বললেন কোচ

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ রোববার (৫ জুলাই) মধ্যরাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচের আগে আলোচনা চলছে নেইমার কি অবশেষে প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন? ৩৪ বছর বয়সী এই তারকা স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে (২৪ জুন) ৭৬তম মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন। জাপানের বিপক্ষে শেষ ৩২ রাউন্ডের ম্যাচে খেলার সুযোগ পাননি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের সম্ভাব্য একাদশে থাকা নিয়ে প্রশ্নের মুখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সরাসরি কিছু না বললেও তার ফিটনেস নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গে খেলতে পারে এবং খেলবেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে এখন খেলার জন্য প্রস্তুত। যখন মনে করব দল তাকে প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাব। সে ৯০ মিনিট খেলতে প্রস্তুত।’

তবে আনচেলত্তি এখনও নিশ্চিত করে বলেননি যে নেইমার প্রথম একাদশেই থাকবেন। গ্রুপ পর্বের আগেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু মরক্কো, স্কটল্যান্ড ও জাপানের বিপক্ষে নেইমার ছিলেন বেঞ্চে। হাইতির বিপক্ষে ম্যাচে অবশ্য চোটের কারণে খেলেননি তিনি।

তবুও ব্রাজিলের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, নরওয়ের বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে নেইমারকে।

এদিকে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘টিক-টক... ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই প্রায় চলে এসেছে।’

একই সাক্ষাৎকারে আনচেলত্তি স্বীকার করেছেন, বেঞ্চে বসে থাকতে নেইমার খুশি নন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সে খুশি নয়, কিন্তু সে দারুণ আচরণ করছে। অসাধারণ অনুশীলন করছে। সে ভদ্র, বিনয়ী এবং সতীর্থদের কাছে খুবই প্রিয়। তার মানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন বিনয়ী মানুষ হিসেবেও সে দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট।’

নেইমারের খেলার আগ্রহ নিয়েও বলেন আনচেলত্তি, ‘অবশ্যই সে খেলতে চায়, যেমন সবসময়ই চেয়েছে। সে এসে আমাকে কখনও জোর করে মিনিট চায় না, কিন্তু বিষয়টি খুবই পরিষ্কার। এটা ইতিবাচক। কোনো খেলোয়াড়ই বেঞ্চে বসে সুখী থাকার কথা নয়।’

বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম হলেও এই বিশ্বকাপে আনচেলত্তির অধীনে নেইমারের ভূমিকা প্রত্যাশার তুলনায় অনেক ছোট।মরক্কো ও জাপানের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে কাটিয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাত্র ১৪ মিনিট। নরওয়ের বিপক্ষে হালান্ডকে ঠেকানোর চেয়ে নিজের দলের আক্রমণভাগকে আরও কার্যকর করে তোলাতেই বেশি মনোযোগী আনচেলত্তি। সামনে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, মাঝে মাঠে থাকবেন ব্রুনো গিমারাইস।

তবে ম্যাচ কঠিন হয়ে উঠলে নেইমারই হতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। একই সঙ্গে অনেকের ধারণা, ব্রাজিল শিরোপা জিতুক বা না জিতুক, এটিই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ। তবে নেইমারের সম্প্রতি চোট, ফর্মহীনতা এবং অতীতের কিছু শৃঙ্খলাজনিত বিষয়ও তার না খেলার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।